প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীকে সাহায্য করতে বাউচারের আহ্বান
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার বলেছেন “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের সব রাজনৈতিক দলের উচিত প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীকে সাহায্য করা”।
রোববার সকালে বঙ্গভবনে রাষ্টপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে বাউচার সাংবাদিকদের একথা জানান।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রসঙ্গে বাউচার বলেন, এটা তার ব্যাক্তিগত ব্যাপার। বাউচার অবশ্য বলেছেন, “ ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন একটি সাংবিধানিক কর্তৃপক্ষ হলেও তাদের কার্যক্রম জনগণের কাছে বিশ্বাসযোগ্য হওয়া উচিত”।
নির্বাচন কমিশন প্রসঙ্গে বাউচার আরো বলেছেন, বর্তমান পরিস্থিতি কমিশন জানেন। তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। নিজেদের অবস্থান স্পষ্ট করে বাউচার বলেছেন, “আমরা মার্কিনীরা নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করি”।
এর আগে বাউচার শনিবার প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর এক সংবাদ সম্মেলনে তিি জানান, বর্তমন পরিস্থিতি সংঘাতমূলক হলেও সেনাশাসন কোনো সমাধান নয়। রোববার তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন।
