২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রতিহত করতে তত্ত্বাবধায়ক সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এদিকে পুলিশ সুপার পর্যায়ের ৩৩ কর্মকর্তাকে আরো সপ্তাহখানেক আগে বদলি করা হলেও ১৪ দলকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য চার দলীয় জোট সরকারের আমলে নিয়োজিত এসব কাউকেই তাদের পদ থেকে সরানো হয়নি।

১৪ দলের কর্মসূচি মেকাবেলায় শুধু রাজধানীতে প্রায় ১ হাজার বিডিআর সদস্য এবং পাঁচ ব্যাটালিয়ন র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে ৬ হাজার পুলিশ সদস্যকে আনা হয়েছে বিভিন্ন জেলা থেকে।

পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ মহাপরিদর্শক খোদা বখ্শ চৌধুরী ও র‌্যাব মহাপরিচালক এসএম মিজানুর রহমানসহ আইন প্রয়োগকারী অন্যান্য বাহিনী ও সংস্থার প্রধানরা শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে বৈঠক করেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ মহাপরিদর্শক বলেন, “অবরোধ কর্মসূচি সম্পর্কে পুলিশের গৃহীত পদক্ষেপ ও উদ্ভুত পরিস্থিতি দেশবাসীকে জানানোর জন্য শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মতবিনিময় করবেন।”

সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবিএম বজলুর রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের আমন্ত্রণ করলেও তিনি নগরবাসীকে উদ্দেশ্য করে একটি ঘোষণাপত্র পাঠ করে দ্রুত সভাস্থল ত্যাগ করেন। এ সময় তিনি কাউকে কিছু জিজ্ঞেস করার সময় দেননি এবং টেলিফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘোষণাপত্রে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন কোনও কোনও রাজনৈতিক দল অবরোধের মাধ্যমে কোনও সাধারণ জনগনের শান্তি ও নিরাপত্তা ভঙ্গ করতে পারে। এজন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য জনগনের সহায়তা কামনা করেন।

এর আগে ডিএমপি কমিশনার ১২ নভেম্বর হতে রাজধানীতে সমাবেশ, মিছিল, বিক্ষোভ প্রদর্শন, ঘেরাও, অবরোধ এমনকি অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণও নিষিদ্ধ করেছেন।

ডিএমপি কমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে তিনি এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অবরোধ কর্মসূচি মোকাবেলায় ডিএমপি কমিশনার এবিএম বজলুর রহমান শনিবার দুপুরে ডিএমপির বিভিন্ন ডিসি ও এসপিসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাদের নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠকে পুলিশ কর্মকর্তাদের যেকোনও মূল্যে অবরোধ কর্মসূচি প্রতিহত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েক জন ডিসি ও এসপি পদমর্যাদার কর্মকর্তা।

রাজশাহীতে এসপি হিসেবে বদলি হওয়া ঢাকার ডিসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে বলেন, “আমি এখনো ঢাকা ত্যাগ ও নতুন কর্মস্থলে যোগ দেওয়ার ব্যাপারে কোনও নির্দেশ পাইনি।”

ডিসি মাহবুব বলেন, “আমার ধারণা, ১২ নভেম্বরের কর্মসূচির কারণে আমাদের ব্যাপারে কোনও নতুন সিদ্ধান্ত হয়নি।”

তিনি আরও জানান, রাজারবাগ পুলিশ লাইনে তাদের দেওয়া ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে যেকোনও পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সূত্র জানায়, শনিবার ভোর রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে, যাতে কোনও জমায়েত হতে না পারে। ঢাকার সকল প্রবেশ পথ তারা অবরুদ্ধ করে করে রাখবে।