২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও পরীক্ষা পেছানোয় অনিশ্চিত ঢাবির শিক্ষা জীবন

পূজা ও ঈদ এবং বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ছুটি শেষে শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ায় ক্যাম্পাসে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তবে বিশ্ববিদ্যালয় খুললেও পুনর্বার তারিখ ঘোষিত হওয়া বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষাগুলো আবারও ১৮ নভেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদৌ এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে পরীক্ষার্থীরা আশঙ্কা করছেন। তারা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ২৯ অক্টোবর খোলার কথা থাকলেও পরে কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে ৯ নভেম্বর পর্যন্ত ছুিট বর্ধিত করে। এ সময়ের মধ্যে সব পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছিল।

যেসব বিভাগের পরীক্ষা পরপর দুবার স্থগিত হয়েছে তারা বাড়ি ফিরে যেতে পারছেন না। তাদেরকে হলেই অপেক্ষা করতে হচ্ছে।

এ প্রসঙ্গে পঞ্চগড় থেকে আসা বঙ্গবন্ধু হলের বাসিন্দা লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের সুমন শাহরিয়ার জানান, ৩১ অক্টোবর পরীক্ষা থাকায় ঈদের পরদিনই ঢাকায় চলে এসেছেন। সেসব পরীক্ষা স্থগিত করে আবার ১৭ নভেম্বর থেকে শুরুর কথা ছিল। এখন আবারও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে শুধু শুধু অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে।

তিনি বলেন, “শুধু পরীক্ষার জন্যই এখন ঢাকায় বসে থাকতে হচ্ছে।”

রোববার থেকে ১৪ দলের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারবেন না। ফলে ক্লাশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বাণিজ্য অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উজ্জল মেহেদী ক্ষোভের সাথেই বললেন, রাজনৈতিক পরিস্থিতির জন্য আমাদের শিক্ষা জীবনই অনিশ্চিত হয়ে পড়বে। চার বছরের কোর্স সম্পন্ন করতে সময় লেগে যায় পাঁচ বছর বা তারও বেশি সময়।

এদিকে ভর্তি পরীক্ষার ফরম বিক্রি এবং জমা দেওয়া নিয়ে শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় ছিল।

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের সভা-সমাবেশে ক্যাম্পাস ছিল উত্তপ্ত। তবে ছাত্রদল ও ছাত্রলীগ উভয়ই সতর্ক অবস্থায় ছিল।

সূত্র জানায়, ক্যাম্পাস এবং হল দখলকে কেন্দ্র করে ইতোমধ্যেই ছাত্রদল বিভিন্ন হলে সতর্ক পাহারা বসিয়েছে।