২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ‘ইমপিচ’ করার মতো কাজ করেছেন: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে ‘রাষ্ট্রপতি শাসিত’ বলে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ‘ইমপিচ’ করার মতো কাজ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 02:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে আবদুল জলিল নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, একদলীয় শাসন চালাচ্ছেন রাষ্ট্রপতি। তিনি নিরপেক্ষতা প্রমাণে রাষ্ট্রপতিকে বেঁধে দেওয়া সময়সীমার উল্লেখ করে বলেন, শনিবারের মধ্যে তাদের দাবি মেনে না নিলে ১২ নভেম্বর থেকে সারাদেশে লাগাতার অবরোধ শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সড়ক, নৌ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। রাজধানী ঢাকাসহ দেশের কোন স্থান থেকে কোন গাড়ি আসবেও না, যাবেও না।

জলিল বলেন, রাষ্ট্রপতি এখন পর্যন্ত নিরপেক্ষতার কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাঁর কাজকর্ম দেখে মনে হচ্ছে তিনি বিএনপির হয়েই কাজ করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও তত্ত্বাধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ নিজের সরকারকে রাষ্ট্রপতিশাসিত সরকার হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অতিরিক্ত দায়িত্ব তাঁর ওপর অর্পিত হওয়ায় বর্তমান সরকারের ধরন রাষ্ট্রপতিশাসিত সরকারের মতো হয়েছে।

সচিবদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির দেওয়া এ বক্তব্যে সারাদেশে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি হিসেবেই কেবল দায়িত্ব পালন করেন তবে তাঁর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কি দরকার ছিল?

এদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও বলেছেন, রাষ্ট্রপতির এ বক্তব্য জনগণের কাছে স্পষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে। কানাডায় যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।