২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৫ বিদেশী পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৫

পাঁচ বিদেশী পিস্তলসহ তিন যুবক ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়ায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

গ্রেপ্তারকৃতরা হলো শংকরপুর এলাকার মেহেদী হাসান, ভাতুড়িয়া এলাকার আলী আহমেদ ও হাফিজুর। এছাড়া অস্ত্র ব্যবসায়ী দুজন হলো সিরাজুল ওরফে সিরাজ ডাক্তার ও জুম্মত আলী।

পুলিশ সূত্র জানায়, বিদেশী পিস্তল ও গুলি নিয়ে তিনটি মটরসাইকেলে করে কয়েক যুবক শার্শার গাতিপাড়া থেকে বাঁকড়া হয়ে যশোর আসছে বলে খবর পেয়ে পুলিশ বাকড়ায় ওঁৎ পেতে থাকে। এক সময় তিনটি মটরসাইকেলে করে চার যুবককে আসতে দেখে তাদের থামিয়ে তল্লাশি চালিয়ে ৪টি ইতালিয়ান ও ১টি আমেরিকান পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিন যুবককে। পালিয়ে যেতে সক্ষম হয় একজন ।

পরে ওই তিন যুবকের স্বীকারোক্তী অনুযায়ী পুলিশ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

ঝিকড়গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।