২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা প্রচেষ্টার অভিযোগ করলেন অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি অলি আহমেদ বলেছেন, বৃহস্পতিবার বিকেলে তাঁর বাসার সামনে আটজনের একটি দল তাকে হত্যার পরিকল্পনা করেছিল। চেষ্টা চালিয়েছিল। হত্যা প্রচেষ্টার বিষয়টি রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোনে জানিয়েছেন বলে তিনি জানান।

আবু সুফিয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

অলি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বৃহস্পতিবার ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “বৃহস্পতিবার দুপুর ৩ টায় রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষে ফেরার পর আমার বাড়ির সামনে পার্কিং নিষিদ্ধ এলাকায় দুটি গাড়ি দেখতে পাই।”

“প্রথমে আমি ওদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য ভেবেছিলাম। কিন্তু আমার নিরাপত্তা কর্মীরা এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করতে গেলে তারা দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়,” কর্নেল অলি বলেন।

তিনি বলেন, “এলডিপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল (অব) শহীদ এবং অপর দুই নিরাপত্তা কর্মীও আটজনের ওই দলকে দেখেছে।”

“আপনি কি কোন মামলা বা সাধারণ ডায়েরি করেছেন”-এই প্রশ্নের জবাবে এলডিপি নেতা বলেন, “যেহেতু আমি বিষয়টি রাষ্ট্রপতির সামরিক সচিবকে জানিয়েছি, তাই পুলিশের কাছে যাইনি।”