নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আর পুলিশের বাধায় অচল রাজধানী
প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের অপসারণ ও পদত্যাগের দাবিতে হাজার সমর্থক ও নেতা-কর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে ১৪ দলীয় জোটের সমর্থক জোট যুব সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।
অন্যদিকে, পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কয়েকশ সদস্যের বাধার মুখে নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত পৌছাতে না পেরে কয়েক হাজার সমর্থক ও নেতা-কর্মী নির্বাচন কমিশন কার্যালয়কে ঘিরে রাজধানীর বিভিন্ন রাস্তা কয়েক ঘন্টা অবরোধ করে রাখে।
এ কারণে, রাজধানীর গোটা যান চলাচল প্রক্রিয়া চরমভাবে বিঘ্নিত হয়। হাজার হাজার যানবাহন আটকে থাকে ঘন্টার পর ঘন্টা, রাজধানীবাসী ও সাধারণ পথচারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। ভুক্তভোগী হাজার হাজার মানুষকে যানবাহনের মধ্যে বসে থেকে কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেকে পায়ে হেঁটে অতিক্রম করে মাইলের পর মাইল রাস্তা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরোধী দলীয় নেতা-কর্মীরা সকাল ১০টার পর থেকেই জড়ো হতে শুরু করে ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। রাজধানীর বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা থেকেও শত শত নেতা-কর্মী মিছিলসহ এই কর্মসূচিতে অংশ নেয়।
ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়া বিক্ষোভকারীরা গোটা মিরপুর সড়ক তাদের দখলে নিয়ে নেয়। এ ছাড়া তারা আসাদ গেট, ফার্মগেট, কল্যাণপুরসহ বেশ কয়েকটি এলাকায় কর্মসূচি পালন করে।
তাদের গতিরোধ করতে পুলিশ ধানমন্ডি-২৭ নং রোডের কাছে রাপা প্লাজা ও মানিক মিয়া এভিনিউর মাঝামাঝিতে কাঁটা তারের বেড়া দিয়ে সবচে’ বড় ব্যারিকেড তৈরি করে। পুলিশ আসাদ গেট, ফার্মগেট, কল্যাণপুরসহ বিভিন্ন জায়গাতেও প্রতিবন্ধকতা তৈরি করে।
