দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে আশু পদক্ষেপ গ্রহণের দাবি
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন যশোর, খুলনা ও সাতক্ষীরার জলাবদ্ধ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
বুধবার যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর কালীবাড়ি মাঠে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। ক্ষতিগ্রস্ত ৬৫টি ইউনিয়ন পরিষদের ১৮জন চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা জলাবদ্ধ এলাকাকে দুর্গত ঘোষণা, দুর্ভিক্ষ রোধে পর্যাপ্ত সরকারি-বেসরকারি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া, ভদ্রা-কপোতাক্ষ নদীর অববাহিকার জল নিষ্কাশন, নদীর দখল উচ্ছেদ, পদ্মার সাথে মাথাভাঙ্গা নদীর সংযোগ তৈরি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দান, উপকূলীয় এলাকার জন্য সঠিক প্রকল্প গ্রহণসহ ১০ দফা দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবদ্ধতা ওই তিন জেলার স্থায়ী সমস্যা হিসেবে দেখা দিয়েছে। দীর্ঘ ২০/২৫ বছর ধরে এ অঞ্চলের মানুষ এ সমস্যায় ভুগছেন। সমস্যা সমাধানে আশু ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে ওই এলাকার মানুষকে স্থানান্তরিত হতে হবে।
নেহালপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তার লিখিত বক্তব্যে ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ততার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিনের এ সমস্যা ২০০৬ সালে সব রেকর্ড ভঙ্গ করেছে। তিন জেলার ১২ উপজেলার ১৪৫ ইউনিয়নের এবং পাঁচটি পৌরসভার ৮০৪টি গ্রামের ১২ লাখ চার হাজার ১৫৯ জন জলাবদ্ধতায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুশ পনেরটি আশ্রয় কেন্দ্রে আছেন পনের হাজারেরও বেশি মানুষ। ফসল ও মৎস্যহানি হয়েছে এক লাখ ৪৪ হাজার ৫২১ হেক্টর জমির। এর সাথে যোগ হয়েছে চরম খাদ্য সংকট।
বক্তারা আরও বলেন, চার মাসেরও বেশি সময় ধরে ওই অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে আছেন। আসামী ছয় মাসে এসব এলাকায় ইরি-বোরো চাষের সম্ভাবনাও নেই। দাতাসংস্থার মাধ্যমে যে ত্রাণ দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ভিজিএফ সাহায্যও বন্ধ রয়েছে। সে কারণে ওই এলাকায় দুর্ভিক্ষ ও ব্যাপক হারে মৃত্যুর আশঙ্কা করছেন তারা।
