পঞ্চগড়ে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫ শতাধিক
গত কয়েকদিনে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে ডায়রিয়ায় আক্রান্ত হয় ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো পাঁচ শতাধিক।
প্রতিদিনই এই সংখ্যা আরও বাড়ছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে জেলায় কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শতাধিক রোগীকে ভর্তি করা হয়।
গত দুদিনে সদর আধুনিক হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তারা হলেন হাড়িভাষা ইউপির ব্রহ্মতল গ্রামের ইউসুফ (১০), সুফিয়া খাতুন (৩০), মাছুমা (১২), সালমা (৪০), রিভা (১০ মাস), হাফিজুর (২৬), মহসেনা (১৮), ইয়াছমিন (৭), সপিজান (৪০), আছিমা (১৫)। ঠেকরপাড়ার শারমিন (১), ডাঙ্গাপাড়ার লাইলী (৩২), পৌর এলাকার কায়েতপাড়া গ্রামের জহুরা (৩০) এবং গরিনাবাড়ী ইউপির সিপাইপাড়া গ্রামের বশিরুল (৮)।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত দু‘দিনে হাড়িভাষা ইউপির সীমান্তঘেঁষা ঝুলিপাড়া গ্রামের আকলিমা (৭), মোমিনপাড়া গ্রামের আঞ্জুমান (১), তেঁতুলিয়ার ভজনপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সামাদ টেংকু (৬০) মারা যান। এর আগে মারা যান সদর উপজেলার ফুটকিবাড়ী ও হাড়িভাষায় আরও তিনজন।
এ ছাড়া সদর উপজেলার হাড়িভাষা ইউপির সীমান্তঘেঁষা ব্রহ্মতল, মোমিন পাড়া, ঝুলিপাড়া ও শালটিয়াপাড়া গ্রামে নতুন করে ডায়রিয়া ছড়িয়ে পড়লেও কোন মেডিকেল টিম এসব এলাকায় যায়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
চিকিৎসকরা জানিয়েছেন, দুষিত পানি ব্যবহার, অভাবের কারণে অখাদ্য-কুখাদ্য খাওয়া এবং পরিবেশ দুষণের ফলে গ্রামের পর গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াৎ হোসেন ডায়রিয়ায় একজনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, “দুষিত পানি ব্যবহার, ভেজাল খাদ্য খাওয়া এবং পরিবেশ দূষণের ফলে সাধারণত ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়।”
তিনি আরো বলেন, “আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়রিয়া আক্রান্ত এলাকায় মেডিকেল টিম কাজ করছে।”
