ঝিনাইদহে খুনের আসামী পালিয়েছে
ঝিনাইদহ আদালতে হাজিরা শেষে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় খুনের আসামী নাসির উদ্দিন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে সোমবার।
দায়িত্ব পালনে অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে পুলিশের এক হাবিলদার ও দুই কন্সটেবলকে ।
পুলিশ জানায়, আদালতে হাজিরা শেষে নাসির উদ্দিনকে কোর্ট হাজতে রাখা হয়। বিকালে অন্যান্য আসামীদের সাথে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যাওয়ার সময় সে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারেনি।
মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নাসির উদ্দিন বিদ্যাধরপুর বাজারে গত ১২ আগস্ট মিজানুর রহমান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে। সে সময় লোকজন ধাওয়া করে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, তাকে আটক করার চেষ্টা চলছে। কার গাফিলতিতে সে পালিয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে ।
