ল্যাবএইডে অসুস্থ স্বামীকে দেখতে গেলেন শেখ হাসিনা
শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডিস্থ ল্যাবএইডে চিকিৎসাধীন অসুস্থ স্বামী ড. ওয়াজেদ মিয়াকে দেখতে যান।
এ সময় তিনি ডাক্তারদের কাছে স্বামীর চিকিৎসার খোঁজ-খবর নেন।
ডাক্তাররা তাকে জানান, ড. ওয়াজেদের শারিরীক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
শেখ হাসিনা স্বামীকে দেখতে যাওয়ার আগে ঢাকার কামরাঙ্গীরচরে ৩ নভেম্বর ধর্ষণের শিকার এক নারীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
সেখানে চিকিৎসাধীন ওই নারীর রিকশাচালক বাবা শেখ হাসিনার কাছে সন্দেহভাজন ধর্ষকদের নাম উল্লেখ করেন। এরা হলো রমজান, বাবু ও শাহীন।
এ সময় তাকে কিছু আর্থিক সাহায্য দেওয়ারও প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।
তত্ত্বাবধায়ক সরকারের কাছে ওই তিনজনসহ নারী নির্যাতনকারীদের উপযুক্ত বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘২০০১ সালের পর থেকে চার দলীয় জোটের নেতা-কর্মীরা সারাদেশে নারী নির্যাতন চালিয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের সময়ও দুষ্কৃতকারীরা নানাভাবে নারী নির্যাতন চালিয়ে যাচ্ছে।”
