২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু উত্তোলনের অনুমতি দেওয়ায় ইউএনও কার্যালয় ঘেরাও

অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার অভিযোগে নদী ভাঙ্গন কবলিত সিমলা গ্রামের শত শত মানুষ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে সোমবার সকালে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ঘেরাও শুরু হয় সকাল ১০টায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েও ঘেরাওকারীদের কবল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিব মোহাম্মদ হালিমুজ্জামানকে মুক্ত করতে পারেনি। অবশেষে বিক্ষুব্ধ লোকজনকে বালু উত্তোলন বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়ে মুক্ত হন তিনি।

বিক্ষোভকারীদের অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দিয়েছেন তিনি।

তারা আরো অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জে একটি অবৈধ বালি উত্তোলনকারী সিন্ডিকেট স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাত করে ফুলজোড় নদী থেকে বালি উত্তোলন করায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে গেছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি। এর আগে এসব বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় পর পর চারটি মামলাও হয়েছিল।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বালু উত্তোলনের অনুমতি দেননি উল্লেখ করে বলেন, “রোববার বিকালে সংশ্লিষ্ট লোকজন নিয়ে আমি সিমলা গ্রাম ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে দেখেছি যে বালু উত্তোলনের কোন সুযোগ আছে কিনা। তবে এখনও আমি কাউকে বালু উত্তোলনের অনুমতি দেইনি। কারণ এর আগে বালু উত্তোলন নিয়ে মামলা হয়েছে।”