২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রায় প্রশাসক নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট

হাইকোর্ট সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচিত পরিচালনা কমিটি ভেঙে দিয়ে একজন প্রশাসক নিয়োগের প্রক্রিয়াকে স্থগিত ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার সরকারি বাণিজ্যিক সংগঠনের পরিচালকের (ডিটিও) পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিসের ব্যাপারেও স্থগিত আদেশ জারি করেন।

কারণ দর্শানোর ওই আদেশে বায়রাকে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সংক্রান্ত কিছু অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

বায়রার সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ স্থগিত আদেশ দেয়।

আদেশে বায়রার বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের প্রতি রুল জারি করা হয়।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ড. এম জহির এবং তাকে সহযোগিতা করেন মো. আজহার উল্লাহ ভূঁইয়া।

রিট আবেদনে বলা হয়, নোটিসে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তাতে এমন কোনও অপরাধের বিষয় নেই যে কারণে বায়রার কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া উচিত।