২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ৩ বছরে গ্রামীণফোনের গ্রাহক হবে ৫ কোটি: এরিক অস

“সংযোগ হিসেবে নয়, ব্যবহারকারী হিসেবেই গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা এক কোটি। এ বছরের শুরুতে গ্রাহক সংখ্যা ছিল ৫৫ লাখ। সরকার হ্যান্ডসেট ও লাইন সংযোগের কর কমালে আগামী তিন বছরে এর গ্রাহক সংখ্যা হবে পাঁচ কোটি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের ১০ বছর পূর্তি উপলক্ষে সোনারগাঁ গোটেলের বলরুমে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এরিক অস একথা জানান।

এরিক অস বলেন, বর্তমানে বাংলাদেশে টেলি যোগাযোগ শিল্প দেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) শতকরা এক ভাগ জোগান দেয়। সব ধরনের ট্যাক্স ও ভ্যাট মিলিয়ে এ বছর মোট দুই হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেবে গ্রামীণফোন।

কবে নাগাদ বাজারে শেয়ার ছাড়া হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খোলা বাজারে শেয়ার ছাড়ার ব্যাপারে সরকারের সাথে আলোচনা চলছে। তবে অবশ্যই শেয়ার ছাড়া হবে।

বাংলাদেশে গ্রামীণফোনের ভূমিকা উল্লেখ করে অস বলেন, এ দেশে মোবাইল ফোন চালু হওয়ার পর মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে। মোবাইল ফোন এখন আর ধনীর শখের বিলাস সামগ্রী নয়। এটি এখন দেশের সর্বস্তরের মানুষের অর্থনৈতিক ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের প্রধান রুবাবা মতিন দৌল্লা কলরেট প্রসঙ্গে বলেন, গ্রামীণফোন গত ১০ বছরে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বাজারের অন্যান্য অপারেটরের তুলনায় অপেক্ষাকৃত কম মূল্যের কলরেট অফার করে আসছে। ভবিষ্যত এ কলরেট আরো কমে আসবে।

তিনি আরো জানান, গ্রামীণফোনের প্রি-পেইড গ্রাহকরা ফ্লেক্সিলোডের মাধ্যমে সর্বনিম্ন ১০ টাকা থেকে ৪৯ টাকা রিচার্জ করতে পারবেন। ১০ টাকা থেকে ২৯ টাকা রিচার্জের মেয়াদ হবে একদিন এবং ৩০ টাকা থেকে ৪৯ টাকা রিচার্জের মেয়াদ হবে ৩ দিন। ৫০ টাকা থেকে ৯৯ টাকার রিচার্জের মেয়াদ দুদিন বেড়ে ৫ দিন হবে।

এ ছাড়া গ্রাহকদের ধন্যবাদ জানাতে নতুন একটি প্যাকেজে গ্রামীণফোন ৭ থেকে ৩০ নভেম্বর ২০০৬ এর মধ্যে ৩০ টাকার বেশী এয়ারটাইম ব্যবহারকারীদের লটারীর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেবে। এ সময় ৩০০ থেকে ৫০০ টাকা ব্যবহারকারীদের মধ্যে লটারির মাধ্যমে ১০০ জন ভাগ্যবান পাবেন ক্যামেরা ও ঊউএঊ সুবিধাসহ হ্যান্ডসেট, ৫০১ থেকে ১০০০ টাকা ব্যবহারকারীদের মধ্যে ১০ জন পাবেন প্লাজমা টিভি, ১০০১ থেকে ৩০০০ টাকা ব্যবহারকারীদের মধ্যে ৫ জন পাবেন জাপানী গাড়ী ও ৩০০১ টাকার বেশী ব্যবহারকারীদের মধ্যে সৌভাগ্যবান একজন পাবেন ঢাকায় একটি অ্যাপার্টমেন্ট।

জেনারেল ম্যানেজার (ইনফরমেশন) সৈয়দ ইয়ামিন বখত জানান, গ্রামীণফোন হেলথলাইন নামে আরেকটি কমিউনিটি সার্ভিস চালু করতে যাচ্ছে। এটি ২৪ ঘন্টা চালু একটি মেডিকেল কল সেন্টার যা রেজিস্টার্ড চিকিৎসকরা পরিচালনা করবেন। সকল গ্রামীণফোন গ্রাহক এর সেবা পাবেন।

উল্ল্যেখ্য, যৌথভাবে গ্রামীণফোনের মালিকানায় আছে নরওয়ের টেলিনর (৬২%) ও বাংলাদেশ গ্রামীণ টেলিকম কর্পোরেশন (৩৮%)। ১৯৯৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত গ্রামীণফোনের বিনিয়োগ ৬ হাজার কোটি টাকার ওপরে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসেই এ প্রতিষ্ঠানের মোট আয় ১২৬০ কোটি টাকা। এই আয়ের পরিমাণ দিন দিন আরো বাড়ছে বলে জানিয়েছেন এরিক অস।