সাভার থানার ৭ পুলিশ কর্মকর্তা ক্লোজ
সাভার থানার সাত এসআই ও এএসআইকে ক্লোজ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার জহিরুল হক ভূঁইয়ার নির্দেশে তাদের ক্লোজ করা হয় রোববার।
নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক কর্মকর্তা বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার কয়েকদিন আগে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামানকে এক নির্দেশ দেন। এতে বলা হয়, থানার প্রত্যেক কর্মকর্তাকে ৩ দিনের মধ্যে ৩ জন করে ওয়ারেন্টতূক্ত আসামী ধরতে হবে। ব্যর্থদের পুলিশ লাইনে ক্লোজ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক থানার অপর এক কর্মকর্তা বলেন, তিনদিনের সময়ের সর্বশেষ দিন ছিল শনিবার। কিন্তু সাত কর্মকর্তা আসামী ধরতে পারেননি।
ক্লোজকৃতরা হলেন এসআই বদরুজ্জামান, এসআই শরিফ আশরাফুল ইসলাম, এসআই হেলেনা পারভীন, এএসআই জহিরুল ইসলাম, এএসআই আনোয়ারুল ইসলাম, এএসআই নাসির ও এএসআই লুৎফুর রহমান।
থানার ডিউটি অফিসার এএসআই জাফর ইকবাল বলেন, ক্লোজ কর্মকর্তারা তাদের সিসি জমা দিয়ে পুলিশ সুপার কার্যালয়ে চলে গেছেন।
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার জহিরুল হক ভূঁইয়ার সাথে যোগাযোগের কয়েকবার চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।
সাভার থানায় ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে দুই শতাধিক। এর মধ্যে গত কয়েক দিনে পুলিশ ৫০ জনকে ধরতে সক্ষম হয়।
