২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম টেলিকম প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

প্রায় ৭০ কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম টেলিকম প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 11:28 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

একটি চীনা প্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়ন করতে বাধ্য করার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধ চীনা দূতাবাস প্রত্যাখান করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা এ কথা জনিয়েছেন।

এর আগে গত সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এক চিঠিতে অমিমাংসিত বিষয়াবলী নিষ্পত্তি করে চীনা কোম্পানী নিমবো সাকসেস ইনফরমেশন ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেডকে প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে বাধ্য করার জন্য চীনা দূতাবাসকে অনুরোধ জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইআরডির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, দূতাবাস বা চীনা কোম্পানীটি কারও পক্ষ থেকেই কোন সাড়া পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রামে ডিজিটাল রেডিও লিংক এবং ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার ২০০৪ সালের ২০ জুন ওই চীনা প্রতিষ্ঠানটির সাথে ১০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৭০ কোটি টাকার একটি সরবরাহ চুক্তি সই করে।

ইআরডি তখন থেকেই চুক্তির আলোকে প্রকল্প বাস্তবায়নে তাদের সহায়তা করার জন্য চীনা দূতাবাসকে বার বার অনুরোধ জানিয়ে আসছে।

ইআরডির চিঠিতে বলা হয়, দূতাবাসের এই ভুমিকায় অমরা মর্মাহত। আর চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তাদের প্রতিনিধির অনুপস্থিতিই প্রকল্পটির প্রতি দূতাবাসের অসম্মতি প্রকাশ করে।

ইআরডি জানায়, চীনা দূতাবাস প্রত্যক্ষভাবে চুক্তিটির সঙ্গে জড়িত ছিলো।

এমনকি চীনা দূতাবাসের অনুরোধে চূড়ান্ত নিশ্চয়তা ও যথাসময়ে ডাউন পেমেন্টও (মোট ঋণের পাঁচ শতাংশ) করা হয় বলে চিঠিতে বলা হয়।

ইআরডি সূত্র জানায়, চীনা কোম্পানীটির প্রায় দুই বছর আগে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরুর কথা ছিলো। কিন্তু তারা এখন পর্যন্ত তা করেনি। সবমিলিয়ে প্রকল্পটির বাস্তবায়ন সংস্থা বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে।