২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূতের মতো জাতির ঘাড়ে বসে আছেন আজিজ: ড. কামাল

“প্রধান নির্বাচন কমিশনার এম.এ আজিজ সিন্দাবাদের ভূতের মতো জাতির ঘাড় চেপে বসে আছেন”, বললেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মহাখালীর ব্র্যাক ইনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে নাগরিক কমিটি আয়োজিত “নির্বাচন ২০০৭: নির্বাচনী বিধিমালা সংস্কারের প্রস্তাব” শীর্ষক গোলটেবিল বৈঠকে শনিবার সকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বচ্ছ ও সুষ্ঠু একটি নির্বাচন দলমত নির্বিশেষে সবারই প্রত্যাশা। আর এ জন্য প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার। বর্তমান সিইসির ওপর জনগনের কোন আস্থা নেই। সাংবিধানিকভাবেই তার উচিত এ পদ থেকে সরে দাড়ানো।

সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্যের উপস্থাপনায় বৈঠকে সভাপতিত্ব করেন সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাডভোকেট ড.শাহদীন মালিক।

এ্যাডভোকেট ড.শাহদীন মালিক মুল প্রবন্ধ তৈরীতে টীমের অন্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “নির্বাচনী বিধিমালা সংস্কারের প্রস্তাব তৈরী করার সময় টেকনিক্যাল ও সাধারন উভয় দিকেই আমরা খেয়াল রেখেছিলাম, তবে শুধূ আইন সংস্কার নয় আমরা চাই এই বিধিমালার সঠিক বাস্তবায়ন।”

সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ বলেন, “বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে অন্য দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে তত্ত্বীয় আলোচনা করে কোন লাভ হবে না। এখন পর্যন্ত যত বিধিমালা বা আইন করা হয়েছে সে সবের কোনটাতেই ভোটারের সুবিধার প্রতি লক্ষ্য রাখা হয়নি।”

বর্তমানে করণীয় সম্পর্কে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রতি ৫০০ জনের জন্যে একটি করে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে। অবশ্যই দিনের আলো থাকতেই ভোট গণনা শেষ করতে হবে।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন , “নির্বাচন সংক্রান্ত প্রত্যেকটি মামলা ১৮০ দিনের মধ্যে নয় বরং ৯০ দিনের মধ্যে শেষ করা উচিত। এতে পরে জটিলতা কমে যাবে।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দীন খান বলেন, “নির্বাচনী বিধিমালায় এ পর্যন্ত ২২ বার স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকার সংশোধনী আনা হয়েছে। তবে বিধিমালার সংশোধনীর চেয়ে নির্বাচন কমিশনের সংস্কার করাটা এখন সবচে জরুরী।”

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, “পরিপুর্ণ একটি নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসারদের ভূমিকা অবশ্যই ম্পষ্ট করতে হবে। প্রয়োজনে ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভার সদস্যদের সাহায্য নেয়া যেতে পারে।”

নির্বাচনী বিধিমালা সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলেও উপস্থিত প্রত্যেকেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। স্বল্পমেয়াদী কিছু নির্বাচন বিধিমালা সংস্কারের প্রস্তাবসহ বৈঠকে আলোচনা হয় ছবিযুক্ত পরিচয়পত্র চালুসহ দ্রুত ভোটার তালিকা সংস্কার, রিটার্নিং অফিসারের ভূমিকা, স্বচ্ছ ব্যালট বাক্স এবং এমপি পদপ্রার্থীদের শিক্ষার ন্যুনতম যোগ্যতা, ঋণখেলাপী ও থানায় ক্রিমিনাল রেকর্ড থাকলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা এবং প্রার্থীদের আয়কর প্রদানের সার্টিফিকেট দাখিল বাধ্যতামূলক করা নিয়ে।

বৈঠকে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, সালমা আলী, ব্যারিস্টার তানিয়া আমীর, এনায়েতুর রহিম, ফেমার পরিচালক মুনীরা খান প্রমুখ।