গুয়ানতানামো কারাগারে আটক দুই ‘বাংলাদেশী’ সম্পর্কে কিছু জানে না সরকার
কিউবার গুয়ানতানামো বে কারাগারে সন্ত্রাসী সন্দেহে আটক দুই বাংলাদেশীর নাম প্রকাশের সাড়ে পাঁচ মাস পরও তাদের সম্পর্কে কিছু জানে না সরকার।
চলতি বছরের ১৬ মে পেন্টাগনের প্রকাশিত ওই তালিকা অনুসারে আটক দুই বাংলাদেশীর একজনের নাম জামাল মুহাম্মদ আল দ্বীন, বাড়ি ফেনী জেলায়। জামালের জন্ম তারিখ লেখা হয়েছে ১ জানুয়ারি ১৯৬৭, জন্মের স্থান হিসেবে লেখা হয়েছে পাকিস্তানের নাম।
আরেকজন বাংলাদেশী মুবারক হোসেন বিন আবুল হাশিম এর বাড়ি লেখা হয়েছে বাড়িয়া (সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া)। জন্মের স্থানও ‘বাড়িয়া’, বাংলাদেশ। জন্ম তারিখ দেওয়া হয়েছে ১ জানুয়ারি ১৯৭৮।
সামরিক গোয়েন্দা বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটি ঊর্ধ্বতন সূত্র জানায়, ওই দুইজন বাংলাদেশী কি-না তা-ই এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশিত তালিকা অনুযায়ী গুয়ানতানামো কারাগারে আটক কয়েদীরা ৪০টি দেশের নাগরিক। নিজ নিজ নাগরিককে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ছাড়া সবগুলো দেশই ক’টনৈতিক তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে ১৫৩ জন বন্দীকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হয়েছে। এছাড়াও বন্দীদের অধিকাংশের কাছে রেডক্রসের মাধ্যমে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু কথিত দুই বাংলাদেশী সম্পর্কে এরকম কোনো উদ্যোগই এখন পর্যন্ত নেওয়া হয়নি।
আটক দুই বন্দী বাংলাদেশী কি-না তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন যুক্তরাষ্ট্রেরই একজন প্রকৌশলী। পেন্টাগনের তালিকায় বাংলাদেশী বলে উল্লিখিত এ দুজনের নাম বাঙালি মুসলমানদের প্রচলিত নামের মত নয়। বিশেষ করে হাশিমের নামে উল্লিখিত ‘বিন’ (কারো পুত্র এ হিসেবে) বাংলাদেশে বিরল। এছাড়াও দুজনেরই জন্মদিন পয়লা জানুয়ারি উল্লেখ করায় বোঝা যায়, আটক দুজনের বয়স সম্পর্কে ধারণা করতে পারলেও তাদের জন্মদিন জানতে পারেনি পেন্টাগন। সম্ভবত অশিক্ষিত এ দুইজন লোক ভাগ্য অন্বেষণে পাকিস্তান বা আফগানিস্তানে গিয়ে মার্কিন বাহিনীর হাতে আটক হয়েছেন এবং ভাষার অজ্ঞতার কারণে কাউকে কোনো কিছু বোঝাতে পারেননি।
পড়ুন...
http://www.docstrangelove.com/2006/05/17/bangladeshis-held-at-guantanamo-bay/
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক হিসাব অনুযায়ী জাুনয়ারি ২০০২ সাল থেকে ২০০৬ সালের ১৫ মে পর্যন্ত গুয়ানতানামো কারাগারে আটক কয়েদী ছিল ৭৫৯ জন।
চলতি বছরের প্রথম ভাগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন গুয়ানতানামো কারাগারের বন্দীদের নামের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলো। সারা দুনিয়ার অগুনতি মানবাধিকার সংস্থাগুলোর চাপে এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির মামলা দায়েরের কারণে পেন্টাগন ওই তালিকা প্রকাশে বাধ্য হয়।
গুয়ানতানামো কারাগারে আটক কয়েদীদের মধ্যে সৌদি আরব, আফগানিস্তান, ইয়েমেন ও পাকিস্তানের নাগরিকের সংখ্যা সর্বাধিক। এছাড়াও সেখানে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ, বেলজিয়াম, বসনিয়া, কানাডা, চাদ, চীন, ডেনমার্ক, মিশর, ইথিওপিয়া, ফ্রান্স, ইরান, ইরাক, জর্দান, কাজাখস্তান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, মরক্কো, কাতার, রাশিয়া, সোমালিয়া, স্পেন, সুদান, সুইডেন, সিরিয়া, তাজিকিস্তান, তুরস্ক, উগান্ডা, যুক্তরাজ্য, উজবেকিস্তানের নাগরিকরা রয়েছেন।
যুক্তরাষ্ট্রের দৈনিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গুয়ানতানামো কারাগারে বন্দীদের নাম ঠিকানা সম্বলিত পেন্টাগনের তালিকা প্রকাশ করেছে তাতে বাংলাদেশের একজনের নাম রয়েছে। আরো একজনের সম্পর্কে বলা হয়েছে নাম-পরিচয় অজ্ঞাত।
http://www.washingtonpost.com/wp-srv/nation/nationalsecurity/gitmoarchive.html
