২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নিরপেক্ষতা হারিয়েছেন এমন অভিযোগ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (জেএএফ) শুক্রবার তাদের পদত্যাগ দাবি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

উল্লেখ্য, দুই উপদেষ্ট সিএম শফি সামি ও সুলতানা কামাল বৃহস্পতিবার রাতে সুধা সদনে শেখ হাসিনার সাথে দেখা করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) আক্রমণাত্মক আচরণের অভিযোগ এনে বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের পদত্যাগের দাবি জানানোর একদিন পরই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামএ দাবি জানালো।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী আইনজীবীরা ফজলুল হককে অপসারণের দাবি ‘অনাকাঙ্খিত’ বলে সমালোচনা করেন। তারা ১৪ দলকে তত্ত্বাবধায়ক সরকারকে একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করার জন্য আবেদন জানান।

আইনজীবী ফোরাম নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘দুই উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করায় সংবিধানের ৫৮ সি (৭) অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং এ কারণে তারা উপদেষ্টার পদে থাকতে পারেন না। রাষ্ট্রপতিও আইন অনুযায়ী তাদের অপসারণ করতে পারেন।’

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমঞ্চের উপদেষ্টা সুলতানা কামাল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা হারিয়েছেন এবং এ কারণে তার পদত্যাগ করা উচিত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে নিয়োগ করে তার কাছে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের ক্ষমতা হস্তান্তরের দাবি অসাংবিধানিক।

তিনি আরও বলেন, ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার আমীরুল ইসলাম সংবিধানকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন এবং প্রধান উপদেষ্টার ক্ষমতা কোনো উপদেষ্টার কাছে হস্তান্তর করা যায় না।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান সংস্থার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে সব রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের প্রতি সংবিধানের ভুল ব্যাখ্যা করা থেকে বিরত থাকার এবং তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হক, সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন প্রমুখ।