হল না খোলায় বিড়ম্বনায় রাবির ছাত্রীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলগুলো খুলে দিলেও ছাত্রীদের চারটি হলই বন্ধ রয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৯টি বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ নভেম্বর ছাত্রী হল খোলার সিদ্ধান্ত নেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছে ভুক্তভোগী ছাত্রীরা।
জানা গেছে, ঈদের ছুটিতে নিরাপত্তাজনিত কারণে গত ২০ অক্টোবর ছাত্রী হলগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পরবর্তীতে ঈদের ছুটি ১ নভেম্বরের পরিবর্তে আগামী ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয। একইসাথে প্রভোস্ট কাউন্সিলের সভায় আগামী ৯ নভেম্বরের ছুটি শেষে ১০ নভেম্বর ছাত্রী হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, আগামী ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৯টি বিভাগে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। ঈদের ছুটি বর্ধিত করায় কয়েকটি বিভাগের পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন সময়সূচি ঘোষণা করা হলেও ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা, মার্কেটিং বিভাগসহ বহু বিভাগে অনুষ্ঠেয় ১১ নভেম্বরের পরীক্ষাসূচি পরিবর্তন করা হয়নি।
১০ নভেম্বরের আগে ছাত্রী হল না খুলে দিলেও এসব বিভাগের বিভাগীয় পরীক্ষা কমিটি পরীক্ষার তারিখ পেছাতে অপারগতা প্রকাশ করেছে। এদিকে ছাত্রীদের হলগুলো খুলে না দেয়ায় এসব বিভাগের ছাত্রীরা বিশেষ করে যাদের ১১ নভেম্বর হতে পরীক্ষা রয়েছে তারা বিপাকে পড়েছে। অনেকেই রাজশাহীতে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে এমনকি আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছে। যাদের রাজশাহীতে মাথা গোঁজার কোন ঠাঁই নেই তারা এখনও ক্যাম্পাসে আসতে পারছেন না। ফলে তাদের পড়াশোনার মারাত্মক ব্যাঘাত ঘটছে। অনেক ছাত্রী অভিযোগ করেছেন, হলে অবস্থান করতে না পারায় তারা যথাযথভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আফরাউজ্জামান খান চৌধুরী জানান, ছাত্রী হল খোলার ব্যাপারে প্রভোস্ট কাউন্সিলের গৃহীত সিদ্ধান্তই বহাল থাকবে।
উপাচার্য এম. আলতাফ হোসেন জানান, হল খুলে দেয়া এবং বিভিন্ন বিভাগের পরীক্ষা নেয়ার বিষয়ে তাঁর কোন হাত নেই। প্রভোস্ট কাউন্সিল ও বিভাগীয় পরীক্ষা কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে তিনি বলেন, এসব বিভাগের পরীক্ষা কমিটিগুলোর উচিত মানবিক দিক বিবেচনায় ১১-১২ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা।
