জলদস্যুতা সংক্রান্ত ম্যারিটাইম ব্যুরোর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সিপিএ
ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরোর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। ব্যুরোর প্রতিবেদনে জলদস্যুতার দিক থেকে চট্টগ্রাম বন্দর বিশ্বের সমুদ্রবন্দরগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করা হয়।
কুয়ালালামপুর ভিত্তিক ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরোর প্রতিবেদন প্রকাশের একদিন পর সিপিএ চেয়ারম্যান এ এম শাহাদাত হোসেন বলেন, ‘সত্যের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রণীত হয়নি। আমরা এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছি।’
প্রতিবেদনে বাংলাদেশ মোট ৩৩ টি দস্যুতার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২২ টি প্রকৃত হামলা এবং বাকি ১১ টি হামলা প্রচেষ্টা। এসব ঘটনার অধিকাংশই ঘটেছে চট্টগ্রাম বন্দরকে ঘিরে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ বঙ্গোপসাগরের জলদস্যুদের গ্রেফতার করতে ১৭ টি জাহাজ এবং ৩ হাজার সৈন্য নিয়ে উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের ফলে দুই জলদস্যু নিহত হয়।
শাহাদাত হোসেন জানান, মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রণীত ব্যুরোর প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বন্দর কর্তৃপক্ষ একটি চিঠি পাঠাবে।
তিনি স্বীকার করেন যে, চট্টগ্রাম বন্দরে দড়ি এবং অন্যান্য সামান্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এগুলোকে ‘দস্যু হামলা’ বলে বর্ণনা করা সত্যাশ্রয়ী নয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘অপরাধীদের দ্বারা জাহাজ ছিনতাই বা ক্রুদের জিম্মি করার কোনও খবর আমাদের কাছে নেই।’
ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরোর এই ‘মিথ্যা প্রতিবেদনের’ ব্যাপারে সিপিএর অবস্থান স্পষ্ট করতে কুয়ালালামপুরে একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও শাহাদাত হোসেন জানান।
তিনি জানান, সম্প্রতি কর্তৃপক্ষ বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ব্যুরো জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে বিশ্বব্যাপী সমুদ্রে দস্যুতার ঘটনা কমে ১৭৪ টিতে নেমে এসেছে। গত বছরের একই সময়ের মধ্যে ২০৫ টি দস্যুতার ঘটনা ঘটেছিল। এজন্য প্রতিবেদনে আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি ধন্যবাদ জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১১৩ টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং ১১ টি জাহাজ ছিনতাই হয়েছে। এসব ঘটনায় ছয়জন ক্রু নিহত এবং ২০ জন অপহৃত হয়। এ ছাড়া জিম্মি করা হয় ১৬৩ জনকে।
সবচেয়ে বেশি দস্যু হামলার ঘটনা নিয়ে ইন্দোনেশিয়া বিশ্বের মধ্যে জলদস্যুতার দিক থেকে শীর্ষ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০০৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ইন্দোনেশিয়ার সমুদ্রসীমায় ৬১ টি হামলার ঘটনা ঘটলেও ২০০৬ সালের একই সময়ে সেখানে ৪০ টি দস্যুতার ঘটনা ঘটে।
একই সময়ে নাইজেরিয়ার সমুদ্রসীমায় মাত্র নয়টি জলদস্যুতার ঘটনা ঘটছে। এর মধ্যে ছয়টি প্রকৃত হামলা এবং বাকি তিনটি ছিল হামলার প্রচেষ্টা। এসব ঘটনায় ১৭ ক্রুকে অপহরণ এবং মুক্তিপণের জন্য জিম্মি করা হলেও জলদস্যু কর্তৃক আগ্নেয়াস্ত্র এবং ছুরি বহনের মাধ্যমে সহিংস ঘটনার দিক থেকে প্রতিবেদনে একটি আলাদা অবস্থানে রয়েছে।
মালাক্কা প্রণালীতে ২০০৫ সালে মোট ১৮ টি জলদস্যুতার ঘটনা ঘটলেও ২০০৬ সালে সেখানে এসব ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বছরের প্রথম নয় মাসে সেখানে আটটি জলদস্যুতার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
