২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আটক ভারতীয় ডিম কালোবাজারে বিক্রির অভিযোগ

সাভারে সোমবার আটক করা আমদানি নিষিদ্ধ ৮১ হাজার ভারতীয় ডিম কালোবাজারে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পৌর ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি ও মেসার্স ইসলাম এ্যাগ সেন্টারের মালিক হাজি তাজুল ইসলাম ওই ডিম বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা বুধবার জানাজানি হলে স্থানীয় খামারিরা দফায় দফায় বিক্ষোভ করেন।

জানা যায়, সাভার বাসস্ট্যান্ডের শাহজালাল মার্কেটের সামনে ট্রাক বোঝাই ৮১ হাজার ডিম সোমবার সাভার উপজেলা বার্ড ফ্লু প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা পশু সম্পদ অফিসের সিনিয়র মাঠকর্মী শহীদুল্লাহ কায়সার আটক করেন। এ ডিম খুলনার সীমান্ত পথ দিয়ে ট্রাকযোগে শাহজালাল মার্কেটের ব্যবসায়ী রিপন এ্যাগ সেন্টারের মালিক রিপন হোসেন অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসেন।

আটকের পর রিপন ডিমের দোকানের কোন কাগজপত্র দেখাতে পারেননি। পচনশীল বলে পৌর ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি তাজুল ইসলাম স্থানীয় খামারি ও পশু সম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তাদের সামনে ডিমগুলো তার জিম্মায় নিয়ে নেন। পরে ওইদিন রাতেই গোপনে তিনি ঢাকার কাপ্তান বাজারের ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করে দেন।

এ ব্যাপারে তাজুল ইসলাম জানান, এটা মীমাংসা হয়ে গেছে। তাই এ ঘটনা নিয়ে আর কিছু না করাই ভাল।