ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত
সদর উপজেলার তেলিনগর গ্রামে বুধবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত রিকশা ভাড়াকে কেন্দ্র করে চালক ও আরোহীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে চালক ও আরোহীর আত্মীয় মতি মিয়া মেম্বার ও মতি সর্দারের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে নারী-পুরষসহ ৫০ জন আহত হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা পাঁচ রাউণ্ড গুলি ছুঁড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।
