২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

রাজশাহী, কক্সবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

নফহবংি২৪.পড়স প্রতিনিধিদের পাঠানো খবর: 

কক্সবাজার: হানিফ পরিবহনের চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস বেলা ১২টার দিকে খরুলিয়াবাজার এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে পালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ ঘটনায় ওই পথচারী নুরুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই নিহত হন এবং বাসের ২০ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব জানিয়েছেন, নিহত পথচারী নুরুল ইসলাম রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

হবিগঞ্জ: দুপুর ২ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের শিশু কন্যা সাকি (৭) স্থানীয় বাছিরগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে ঢাকা--সিলেট মহাসড়কের মদনপুরে সিলেটগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার উজানিসারে বেলা ১২টার দিকে যমুনা পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে জুয়েল মিয়া (৫) নামে একটি শিশু ঘটনাস্থলেই মারা যায়।

রাজশাহী: বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর গোদাগাড়ী ডিগ্রী কলেজের সামনে ঢাকা -- রাজশাহী মহাসড়কে কোচের চাকায় পিষ্ট হয়ে আনোয়ারুল ইসলাম (১১) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। সার্ট ও প্যান্টের কাপড় কেনার জন্য সে গোদাগাড়ী বাজারে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারুল গোদাগাড়ী সুলতানগঞ্জ এলাকার এন্তাজ আলীর ছেলে।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে।