নোয়াখালীতে গ্রেপ্তার আতঙ্কে ছাত্রলীগ নেতাকর্মীরা
নোয়াখালীতে শনিবার বিএনপির সমাবেশে হামলা ও ভাংচুরের ঘটনায় ১৪ দলের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে এবং শিবিরের অফিস ভাংচুরের ঘটনায় ৪০ জনকে আসামী করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ভূগছেন।
এদিকে মঙ্গলবার দুপুর ও সোমবার পৃথক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সদর উপজেলার আন্ডারচর কাউনিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে হোরন, জিয়াউল হক ও ফাতেমা স্থানীয় দোকানদার হারুন ও মিরাজের কাছ থেকে পাওনা ৫০ টাকা ফেরত চাওয়ায় উভয়ের মধ্যে বাক -- বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে পাঁচজন গুরুতর আহত হয়।
আহতরা হলেন ফাতেমা (১৮), মো. হারুন (৩০), মিরাজ (৩৩), জিয়াউল হক (২৩) ও হোরন (২১)। এদের মধ্যে হোরনের অবস্থা আশংকাজনক।
এর আগে সোমবার রাতে সেনবাগের চিলোনিয়া বাজারে বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক ও কাজী মফিজ গ্র“প পৃথক পৃথক মিছিল বের করলে উভয়ের মধ্যে সংঘর্ষে বাধে। এতে জিয়া (২৫), কামাল (২২), রহমান (২৮), সবুজ (২০), জসিম (২৫), বিপ্লব (২৮) সহ ১০ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ও বিডিআর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শনিবার ১৪ দলের অবরোধ কর্মসূচি চলাকালে মাইজদীতে বিএনপির জনসভায় হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা ইয়াছিন আরাফত বাদী হয়ে মঙ্গলবার ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া ছাত্র শিবিরের অফিস ভাংচুরের ঘটনায় শিবির নেতা মিজানুর রহমান ৪০ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করেছেন।
