রাষ্ট্রপতির প্রতি পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বান
সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব তার হাতে ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিল মিলনায়তনে সমন্বয় পরিষদের এক সংবাদ সম্মেলনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ৭ দফা দাবি উত্থাপন করে বলা হয়, অবিলম্বে নিরপেক্ষ ব্যক্তিদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজসহ সকল কমিশনারদের অপসারণ করে নতুন নিয়োগ ও সংস্কার, প্রশাসনের সকল চুক্তিভিত্তিক ও দলীয় নিয়োগ বাতিল, দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি ও চারদলীয় জোট নেতা ও ক্যাডারদের গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত ও বিচারে সোপর্দ এবং গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত করে রাষ্ট্রপতিকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।
আগামী ৩ অক্টোবরের মধ্যে এসব দাবি মানার আল্টিমেটাম দিয়ে পেশাজীবী নেতারা বলেছেন, এর মধ্যে দাবি মানা না হলে তারা রাজপথে আন্দোলনে নামবেন।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণকে অসাংবিধানিক উল্লেখ করা হলেও দেশের এই সংকটময় মুহূর্তে ১৯৭৫ বা ১৯৮২ সালের মতো অন্য কোন অশুভ শক্তি যাতে সুযোগ নিতে না পারে সেজন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রপতি সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিকী, ইকবাল সোবহান চৌধুরী, সদস্য সচিব ডা. কামরুল হাসান খান, অধ্যক্ষ কাজী ফারুক আহম্মদ, চৌধুরী খালেকুজ্জামান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতির বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর পক্ষে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয়।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতির উচিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদে সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে নিয়োগ দিয়ে তাঁর হাতে প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেয়া।
তিনি আরও বলেন, নিরপেক্ষতা প্রমাণের জন্য রাষ্ট্রপতিকে তাঁর সামরিক সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, র্যাবের ডিজি, ডিএমপি কমিশনার ডেপুটি কমিশনার, সকল এসপি, থানা নির্বাহী কর্মকর্তা, সকল থানার ওসিসহ সকল স্তরে বিদায়ী সরকারের সাজানো প্রশাসন পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, জনগণ যাতে বুঝতে পারে রাষ্ট্রপতি নিরপেক্ষ সেজন্য তাঁকে বিএনপি দলীয় রাষ্ট্রপতির বদলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, সংবিধান লংঘন করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ অনেক বিতর্ক নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। আগামী ৩ অক্টোবরের মধ্যে তিনি নিরপেক্ষতার প্রমাণ না দিতে পারলে পেশাজীবীরা আন্দোলনে নামবে।
