২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ অসাংবিধানিক: সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ

সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণকে সংবিধান লঙ্ঘণ ও সংবিধানের সাথে প্রতারণা বলে অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশন, প্রশাসনসহ সব ক্ষেত্রে দলীয় নিয়োগ বাতিল ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানানো হয়।

সোমবার দুপুরে সুপ্রীম কোর্ট আইনজীবী ভবনের উত্তর হলে সমন্বয় পরিষদের এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।

সমন্বয় পরিষদ তাদের এসব দাবি জানিয়ে সোমবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিল মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশাজীবীদের এ সংগঠনটি তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, অধ্যাপক খালেদুজ্জামান, অধ্যাপক আআমস আরেফীন সিদ্দীকি প্রমুখ।

ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ বলেন, রাষ্ট্রপতি নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করে ও শপথ গ্রহণ করে সংবিধান লঙ্ঘণ করেছে। প্রধান উপদেষ্টা নিয়োগের সব বিকল্প শেষ করে তিনি এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারেন মাত্র।

তিনি আরও বলেন, এরপরও দেশের সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ সভানেত্রী বিচক্ষণতার পরিচয় দিয়ে বক্তব্য রেখেছেন। তবে রাষ্ট্রপতিকে নিরপেক্ষ দায়িত্ব পালনে বাধ্য করতে হবে। অবিলম্বে নির্বাচন কমিশনকে পুনর্বিন্যাস করে একে নিরপেক্ষ করতে হবে। গত ছয় মাসে যতো দলীয় নিয়োগ ও পোস্টিং দেওয়া হয়েছে তাও বাতিল করতে হবে। রাষ্ট্রপতি তার কার্যালয়, নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ করার পরই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ১৪ দলের প্রতি আহ্বান জানাবেন ।

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ও নির্বাচন কমিশন সদস্য জাকারিয়াকে বিদায় নিতে হবে।

আআমস আরেফীন সিদ্দীকি বলেন, ৭২ বছরের বেশি বয়সী রাষ্ট্রপতির নিজেরই প্রধান উপদেষ্টা হওয়া সংবিধান সম্মত হয়নি।

অধ্যাপক খালেদুজ্জামান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন নিরপেক্ষ করে রাষ্ট্রপতিকে প্রমাণ করতে হবে যে তিনি নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারবেন।

আমিনউদ্দীন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সদস্যদের ও সচিবকে বিতাড়িত করতে হবে। রাজপথ ছেড়ে দিলে রাষ্টপতি কখনও নিরপেক্ষ হবেন না।