পুলিশের উপর ‘গুলি চালানোর অভিযোগে’ মুন্সিগঞ্জে আটজন গ্রেফতার
মুন্সিগঞ্জের শ্রীনগরের কোলাপাড়া থেকে অস্ত্রসহ আট যুবককে গ্রেফতার করেছে শ্রীনগর থানার পুলিশ।
রোববার রাত সাড়ে দিনটার দিকে কোলাপাড়া গ্রামের বাসিন্দা লিটনের বাড়ীর ছাদ থেকে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। অন্য দুইজনকে গ্রেফতার করে উত্তর কোলাপাড়ার রাস্তা থেকে।
পুলিশ দাবি করে, কোলাপাড়ার রনি ও সুমনের সাথে দ্বন্দ্বের জের ধরে ১০/১৫ জনের একদল যুবক পাইপগান, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে তাদের ওপর হামলা করতে গেলে উত্তর কোলাপাড়ার রাস্তায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকীরা পালিয়ে গিয়ে লিটনের বাড়ীর ছাদে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ লিটনের বাড়িতে তল্লাশি চালায় এবং ছয়জনকে গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ হাসেম হাওলাদার (২৪), কাওসার (২৫), কাইয়ুম (২৪), সোহেল (২৫), শামীম (২৪), কাউসার মিয়া (২৩), আলমগীর (২২) ও সোহেল মিয়া (২৩)।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি ও একটি গুলির খোসা উদ্ধার করে।
এছাড়া, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছে।
