রাজশাহী ও রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এবং রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজশাহী থেকে প্রতিনিধি জানান, গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে নজরুল ইসলাম টিটুর মুদি দোকানে বৃহস্পতিবার রাত ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে তা পার্শ্ববর্তী আব্দুল হাকিম ও রফিকুল ইসলামের মুদি দোকান ও একটি সেলুনে আগুন ধরে যায়। স্থানীয়ভাবে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে রাজশাহী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এক ঘন্টা পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ততক্ষণে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দোকানদার টিটু জানান, চাল, ডাল, তেল ও কসমেটিক মালামালসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঈদের আগে ব্যবসার সমস্ত টাকা এবং ধার দেনা করে ঈদের জন্য মালামাল উঠানো হয়েছিল বলে তিনি জানান।
রাজবাড়ী প্রতিনিধি জানান, শুক্রবার রাত ৪ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট বাজারে সঞ্জয় চক্রবর্তীর জুয়েলারি দোকানসহ সিরাজ মৃধা, আনিসুর রহমান এবং বাচ্চু খলিফার দোকানে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে মাত্র আধঘন্টার মধ্যে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
