ঝিনাইদহে ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত
কোটচাঁদপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের ক্রসফায়ারে মোয়াজ্জেম (৪০) নামের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতা নিহত হয়।
মোয়াজ্জেম কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি বাবুল আখতার জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মোয়াজ্জেমকে মানিকদিহি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে পুলিশকে লুকানো অস্ত্রের সন্ধান দেয়। রাত দেড়টার দিকে মোয়াজ্জেমকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার করার জন্য মান্দারবাড়িয়া গ্রামে পৌঁছালে আখ খেতে ওঁত পেতে থাকা চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এর এক পর্যায়ে পালাতে গিয়ে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১টি পাইপগান, ৬ রাউন্ড তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তার বিরূদ্ধে ৩টি হত্যাসহ ৫/৬টি মামলা রয়েছে।
