পাবনায় এক চরমপন্থীকে জবাই করে হত্যা
পাবনায় রফিকুল ইসলাম (৩০) নামের এক চরমপন্থী নেতাকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার সুন্দরকান্তি গ্রামে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে ১০/১২জন সন্ত্রাসী সুন্দরকান্তি গ্রামে এসে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার আঞ্চলিক নেতা রফিকুল ইসলামকে তার শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাশের একটি মাঠে নিয়ে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা করে। এসময়
তার স্ত্রী হাফিজা খাতুন (২২) সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। আশংকাজনক অবস্থায় তাকে সাথিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত চরমপন্থী নেতার লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রফিকুলের বাড়ি একই উপজেলার গোবিন্দপুর গ্রামে। তার বাবার না শাজাহান আলী। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
