দল ছাড়ার জন্য তারেক রহমানের দুর্নীতিকে দায়ী করলেন কর্নেল অলি
বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অবঃ) অলি আহমেদ দল ছাড়ছেন তা শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই।
বৃহস্পতিবারেই এ আনুষ্ঠানিক ঘোষণা আসলো। দলের প্রধান খালেদা জিয়ার কাছে লেখ পদত্যাগপত্রে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জোট সরকারের আমলের দুর্নীতি, সন্ত্রাসের কথা তুলে ধরেছেন। জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার কামরান রেজা চৌধুরী।
২৬ অক্টোবর তারিখ দেওয়া পদত্যাগপত্রে অলি বলেছেন, ‘আপনার পুত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের কিছু কিছু মন্ত্রী ও এমপি এবং হাতে গোণা কয়েকজন নেতার দুর্নীতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে’। এ দুর্নীতিতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে বলে উল্লেখ করেন প্রবীণ এ নেতা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে খ্যাত অলি বলেন, ‘সর্বোপরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ অন্যান্য বিষয়গুলোর কারণে দেশ এবং জনগণকে হতাশা, ক্ষতিগ্রস্ত এবং ভোগান্তির শিকার হতে হয়েছে’।
প্রধানমন্ত্রী ছেলে তারেক সম্পর্কে অলি বলেছেন, ‘সরকারের মন্ত্রী ও জাতীয় সংসদের এমপিদের জনাব তারেক রহমান নিয়ন্ত্রণ করছেন। তার ইচ্ছা অনুয়ায়ী সকলকে কাজ করতে হয়, কোনো প্রকার সরকারি প্রটোকল না থাকা সত্ত্বেও তিনি অন্যায়ভাবে প্রতিনিয়ত রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ ও অপব্যবহার করে আসছে যা অত্যন্ত ন্যাক্কারজনক ও গণতন্ত্র পরিপন্থী’।
অলি আহমেদ এর পরই জোর দিয়ে বলেছেন যে, এ অবস্থায় কোনো আত্মসম্মান বোধসম্পন্ন নেতা বা কর্মীর পক্ষে তার নেতৃত্বে দল করা সম্ভব নয়’।
বিএনপির জোর সমালোচনা করে ওই পদত্যাগপত্রে বলা হয়েছে, ‘২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দল তার অনুসৃত নীতি থেকে সামগ্রিকভাবে বিচ্যুত হয়েছে। সিদ্ধান্তহীনতা, ব্যাপক দুর্নীতি এবং দলের কিছুসংখ্যক নেতা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সরকার দেশ পরিচালননায় ব্যর্থ হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি রাজাকার, স্বৈরাচার এবং দুর্নীতিবাজ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে’।
তারেক রহমানের প্রসঙ্গে জনাব অলি আবারো বলেন, ‘সর্বশেষ জনাব তারেক রহমান শিবিরের এক সম্মেলনে তাদের একই পরিবারের সদস্য হিসবে আখ্যায়িত কবরেছেন। এমতাবস্থায় কোনো বিবেকবান নেতা বা কর্মীর পক্ষে এ দলে কাজ করা সম্ভবপর নয়। তাই আমি আজ হতে দলের প্রাথমিক সদস্যপদ সকল পদ হতে পদত্যাগ করলাম’।
