২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর আরেক দফা সংলাপ, দিনক্ষন ঠিক হয়নি

ঈদের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিএনপি মহাসচিব আরেক দফা সংলাপে বসতে পারেন। মঙ্গলবার দুই দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করে এই তথ্য পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সারাদিন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনাকল্পনা চললেও দুই নেতা সংলাপে বসার পরবর্তী দিনক্ষন নির্ধারণ করতে পারেননি।

এদিকে দুপুরে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা উভয়ে সংলাপে বসার ব্যাপারে আলাপ করেছেন। তবে মান্নান ভূঁইয়া দিনক্ষন ঠিক করে আবদুল জলিলকে জানাবেন বলে জানিয়েছেন।

পরে জলিল সাংবাদিকদের বলেন, ‘আমরা আবার সংলাপে বসব। তবে মান্নান ভূঁইয়া সাহেব দলের নেতাদের সঙ্গে আলাপ করে সময় জানাবেন।’

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর জাতীয় সংসদ ভবনে সংলাপ শুরু হয়। সর্বশেষ সংলাপ হয় সোমবার। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের সম্ভাব্য নিয়োগসহ বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে এই সংলাপ চলছে।