২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজদের খোঁজে মেঘনা পাড়ে স্বজনরা

অন্যদের সাথে ঈদ করতে যাচ্ছিলো নয় বছরের সাদিয়াও। কিন্তু মেঘনার বুকে লঞ্চডুবির পর তার ওড়নাটাই শুধু পাওয়া গেছে। উদ্ধার করা সেই ওড়না বুকে চেপে আহাজারি করছিলেন তার চাচা জাফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

জাফরের মতো আরও অনেকে এখনও অপেক্ষা করছেন মেঘনা পাড়ে। কেউ নৌকায় করে, কেউ বা ট্রলারে চেপে হ্যাজাক হাতে নিয়ে রাতের অন্ধকারে স্বজনদের খোঁজের আশায় ফিরছেন।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দির তেতুইতলায় সোমবার সকালে ডুবে যাওয়া লঞ্চটি বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ৬০ ফুট পানির নিচ থেকে তুলে আনে। তবে এর ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।

উদ্ধারকারীরা অনেক খোঁজাখুঁজিও পরও নিখোঁজ যাত্রীদের কোনো খবর পাওয়ায় স্বজনহারাদের আর্তচিৎকারে মেঘনা পাড়ের বাতাস ভারি হয়ে ওঠে। উদ্ধারকারীদের অপেক্ষায় না থেকে স্বজনরা নিজেরাই নৌকা ও ট্রলার নিয়ে মেঘনার বুকে স্বজনদের খুঁজে ফিরতে শুরু করেন।  

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। আর উদ্ধারকারী নৌযান রুস্তম  পৌঁছে দীর্ঘ সাত ঘণ্টা পর।

নৌযানটি উদ্ধারের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। এটিকে মেঘনার দক্ষিণ পাড়ে ফেলে রাখা হয়েছে। 

এমভি শাহ পরান থেকে এখন পর্যন্ত উদ্ধারকৃত লাশের সংখ্যা ১৫। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।