মিরপুরে পুলিশ সার্জেন্ট ও স্ত্রীর নির্যাতনে গৃহকর্মীর মৃত্যু
ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় পুলিশের এক সার্জেন্ট ও তার স্ত্রীর নির্যাতনে পূর্বধলা উপজেলার মনি বেগম পারু (১২) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মনি বেগমের মা শাহেরা খাতুন বাদি হয়ে রোববার পূর্বধলা থানায় সার্জেন্ট মজিবুর রহমান ও তার স্ত্রী পশলা বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাটবারেঙ্গা গ্রামের মৃত খোরশেদ আলীর মেয়ে মনি বেগমকে এক সপ্তাহ আগে পুলিশ সার্জেন্ট মজিবুর রহমান ঢাকায় তার বাসায় নিয়ে যায়। তিনি পাশের ছিলিমপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
শনিবার সন্ধ্যায় মজিবুর রহমান মনির মৃতদেহ শ্যামগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান খোকনের বাড়ির সামনে রেখে যায়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মনির মৃত্যু হয়েছে বলে এসময় তিনি জানান।
কিন্ত এলাকাবাসী এবং মনির মায়ের সন্দেহ হলে তারা নিহতের শরীরের জামা সরিয়ে দেহের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখতে পান। পরে পূর্বধলা থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে ঈদের মাত্র কয়েক দিন আগে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবিলম্বে নির্যাতনকারী সার্জেন্ট ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
