২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে যোগাযোগ মন্ত্রী ঘুষ দিয়েছেন: সংসদীয় কমিটির সভাপতি

সিএনজি স্কুটার সংক্রান্ত দুর্নীতির দায় থেকে নিজেকে বাঁচাতে তদন্ত কমিটির সদস্যদের আকর্ষণীয় ব্যবসার সুযোগ করে দিয়েছেন যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা। বিরোধী দলের মেঠো বক্তব্যে নয় এ অভিযোগ এসেছে হুদার নিজ দলের সাংসদ এবং যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ মনজুর হোসেনের কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নাজমুল হুদার বিরুদ্ধে গঠিত তদন্ত প্রতিবেদনেই সৈয়দ মনজুর হোসেনের বক্তব্যের যৌক্তিকতা স্পষ্ট হয়ে উঠে।  ওই প্রতিবেদনে হুদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করা সাংসদরাই একযোগে মন্ত্রীর পক্ষে সাফাই গেয়েছেন। মন্ত্রীর পক্ষে তারা একসুরে বলেছেন যে, ‘দুর্নীতির সঙ্গে হুদার কোনো সংশ্লিষ্টতা নেই’। এই সাংসদরাই মাত্র তিন বছর আগে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের জোর দাবি জানিয়েছিলেন।

সিএনজি বেবি ট্যাক্সি আমদানি ও রেজিস্ট্রেশন প্রদানে যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি বলে চুড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে বিএনপি সাংসদ নাদিম মোস্তফার নেতৃত্বাধীন সংসদীয় তদন্ত কমিটি ।

প্রতিবেদনটি কয়েকদিন আগে যোগাযোগ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে। ওই প্রতিবেদনে সিএনজি বেবি ট্যাক্সি আমদানি ও রেজিস্ট্রেশন প্রদানে কোনো অনিয়ম হয়নি বলে উল্লেখ করা হয়েছে। কমিটির সভাপতি প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন।

স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ মনজুর হোসেন নফহবংি২৪.পড়স -কে শনিবার বলেছেন, যোগাযোগ মন্ত্রী দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং তদন্ত কমিটির মুখ বন্ধ করার জন্য আহবায়ক নাদিম মোস্তফা ও অন্যান্য সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ও বেনামে ঠিকাদারী কাজ দিয়েছেন।

এসব অভিযোগ অস্বীকার করে যোগাযোগমন্ত্রী নাজমূল হুদা নফহবংি২৪.পড়স কে বলেন, ‘তদন্ত কমিটির আহবায়ক বুঝতে পেরেছেন যে আমি কোনো দুর্নীতি করিনি। তাই তিনি আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়-এ মর্মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন’।

তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে নাজমূল হুদা আত্ম পক্ষ সমর্থন করে সভাপতির কাছে লেখা এক চিঠিতে বলেন, ‘মহান আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। গাড়ি-বাড়ি, সুখী পরিবার সবই । আমার কোনো চাহিদা নেই। ... সত্য-মিথ্যা অনেক অপপ্রচারের আমি একজন নিমর্ম শিকার এবং দেশের স্বাধীন মিডিয়ার করুণ শিকার।’  এ চিঠিতে তিনি স্থায়ী কমিটির কাছে এই অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন।

যোগাযোগ মন্ত্রী স্থায়ী কমিটির অভিযোগ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছেন না। কারণ প্রতিবেদনটি যোগাযোগ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভায় অনুমোদিত হতে হবে। কিন্তু বর্তমান সংসদের মেয়াদকাল ২৭ অক্টোবরের মধ্যে স্থায়ী কমিটির আর কোনো বৈঠক হবে না।

২০০৪ সালের ৭ জানুয়ারি যোগাযোগ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভায় নাদিম মোস্তফা, আতাউর রহমান খান, হারুনুর রশীদ ও মাহমুদুল হক রুবেল একযোগে মন্ত্রীর বিরুদ্ধে দুনীর্তির অভিযোগ উত্থাপন করে বলেন, ঢাকা থেকে প্রায় ৪০হাজার দুই স্ট্রোক ইঞ্জিনের বেবি ট্যাক্সি তুলে দেয়া হয়েছে। অথচ মাত্র ১৩ হাজার চার স্ট্রোক সিএনজি চালিত বেবি ট্যাক্সি আমদানি করার সুযোগ দেয়া হয়েছে একটি মাত্র প্রতিষ্ঠান উত্তরা মটরসকে। এছাড়া এগুলোর রেজিস্ট্রেশন প্রদানেও মন্ত্রী অনিয়ম করেছেন। মন্ত্রী তাৎক্ষনিকভাবে এই বক্তব্যের প্রতিবাদ জানান।

এরপর সর্বসম্মতিক্রমে নাদিম মোস্তফাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আতাউর রহমান খান, হারুনুর রশীদ ও মাহমুদুল হক রুবেল।

নাদিম মোস্তফাকে আহ্বায়ক করে এ কমিটি গঠনেরও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন যোগাযোগ মন্ত্রী।

এ বিষয়ে মতামত জানতে শনিবার সকাল থেকে নাদিম মোস্তফার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কমিটিকে প্রথম পর্যায়ে একমাসের মধ্যে এবং পরে তিন দফা সময় বাড়িয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু এ প্রতিবেদন জমা দেয়া হলো ৩৩ মাস পরে।