প্রধানমন্ত্রী রোববার বিটিএমএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পান্থপথ ও টঙ্গী ডাইভারশন রোডের সংযোগস্থলে মগবাজার রেলক্রসিংয়ের উত্তরে সরকারের দেওয়া জায়গায় এ ভবনটি নির্মিত হবে। দুপুর ১২ টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী বিটিএমএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিটিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিনে বিকেল ৪ টায় সাভারের নয়ারহাটে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল টেনিং, রিসার্চ অ্যান্ড ডিজাইন (নিট্রাড) পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে পরিচালনার জন্য বিটিএমসি’র কাছ থেকে নবগঠিত গভর্নিং বডির মাধ্যমে বিটিএমএর কাছে হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি বিটিএমএ কার্যালয়ে স্বাক্ষরিত হবে। এর আগে বিকেল ৩ টায় বিটিএমএ কার্যালয়ে অবস্থিত বিটিএমএ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে।
তিনটি অনুষ্ঠানেই বস্ত্র ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
