চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছে।
সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাংবাদিক ও পেশাজীবীদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্যও সমাবেশে দাবি জানানো হয়।
এর আগে গত শনিবার রাতে দৈনিক ভোরের কাগজের চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ের পাশে সন্ত্রাসীদের হামলায় ৮ সাংবাদিক আহত হন।
প্রতিবাদ সমাবেশে ভোরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং বিএফইউজের সহ--সভাপতি ওমর কায়সার হামলায় নেতৃত্বদানকারী রেজাউল করিম আজাদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশের বক্তারা ঘোষণা দেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন বিএফইউজের মহাসচিব জলিল ভূইয়া।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল আলম, সাংবাদিক আবুল মোমেনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য হামলার ঘটনার সময় সাংবাদিকরা স্থানীয় জনতার সাহায্যে ৪ হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু মূল আসামী রেজাউল করিম পালিয়ে যেতে সক্ষম হয়।
