২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৫৭৩ কর্মকর্তা --কর্মচারির নিয়োগ কার্যকারিতা ৩ মাস স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১১টি বিজ্ঞপ্তির নিয়োগ কার্যকারিতা বুধবার হাইকোর্ট স্থগিত করেছে। এর ফলে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রকাশিত ওই ১১টি বিজ্ঞপ্তির ৫৭৩ জন কর্মকর্তা ও কর্মচারির নিয়োগ কার্যকারিতা পুনরায় তিন মাসের জন্য ঝুলে গেল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

১১ সেপ্টেম্বর ফজলে হোসেন বাদশার রিট আবেদনের প্রেক্ষিতে এর আগে হাইকোর্ট ওই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।

সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৬ এর  এপ্রিল থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আলাদাভাবে ৫৭৩ জন কর্মকর্তা--কর্মচারি নিয়োগের জন্য ১১টি বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে বিতর্কিত এবং স্থগিতাদেশপ্রাপ্ত ৫৪৪ জন কর্মচারির নিয়োগ স্থায়ী করার চেষ্টা চলছে উল্লেখ করে ১১ সেপ্টেম্বর ফজলে হোসেন বাদশার রিটের প্রেক্ষিতে হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ বিজ্ঞপ্তিগুলোর কার্যকারিতা ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।

স্থগিতাদেশের সময় পেরিয়ে যাবার পর রিটকারীর আইনজীবী রুহুল কুদ্দুস বাবুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি দ্বৈত রিট বেঞ্চ বিজ্ঞপ্তিগুলোর কার্যকারিতা আরো তিন মাসের জন্য স্থগিত করেন।