২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১৪ জন অতিরিক্ত সচিবকে পদোন্নতির সুপারিশ

সরকারের শেষ সময়ে জনপ্রশাসনের আরো ১৪ জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বুধবার এক বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান ছাড়াও বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংস্থাপন সচিব ড. মাহবুব সাংবাদিকদের জানান, প্রশাসনের ১৪টি সচিবের পদ বর্তমানে খালি আছে। এসব পদে বর্তমানে ভারপ্রাপ্ত সচিবরা দায়িত্ব পালন করছেন। তাই এসব পদ পূরণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, প্রশাসনের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে এসব পদ পূরণের জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এ সংক্রান্ত একটি ফাইল শিগগিরই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ ব্যাপারে তার সিদ্ধান্ত নেবেন।

উপসচিব পদে গণপদোন্নতির পরও বঞ্চিতদের ক্ষোভের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব ড. মাহবুব জানান, অতীতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে কোন পদ শূণ্য হলেই তার বিপরীতে পদোন্নতি দেয়া হবে। এতে পদোন্নতি সংক্রান্ত জটিলতার নিরসন হবে।

তিনি স্বীকার করেন, অতীতে নিয়মানুযায়ী পদোন্নতি না হওয়ায় তার নিজের ব্যাচের অনেকেই বর্তমানে সিনিয়র সহকারী সচিব রয়ে গেছেন। যা অত্যন্ত দুঃখজনক।

এসএসবির বৈঠকে বর্তমান জোট সরকারের দায়িত্ব হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করলেও এ ব্যাপারে সংস্থাপন সচিব কোন মন্তব্য করতে অস্বীকার করেন।