রাজশাহী ও কিশোরগঞ্জে ৪ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউপির সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা বিএনপির সহ সভাপতি মরু হামিদ হত্যা মামলার রায়ে তিনজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
কিশোরগঞ্জে এক স্কুল ছাত্র হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহী থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ এফ এম আমিনুল ইসলাম এক রায়ে তিনজনকে ফাঁসির আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন বাগমারার ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ওয়ার্কার্স পার্টির নেতা, জেলা কৃষক সমিতির সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলী খাজা এম এ মজিদ, ঝিকরা ইউপি সদস্য শুকুর আলী ও আলী খাজার ভাতিজা জাহাঙ্গীর আলম।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত চারজন হলেন নওশাদ ওরফে নওশের, জইদুল ইসলাম, আসাদুল ইসলাম ও আবদুর রাজ্জাক। এ ছাড়া সাতজনের প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
চার্জশীটভুক্ত ১৬ আসামীর মধ্যে বাকি নয়জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
খালাস প্রাপ্তরা হলো ইমদাদুল হক জনি, শাহিন ওরফে জয়, রতন ওরফে তিতাস, আবদুস সামাদ ওরফে লাল সামাদ, জালাল ওরফে জাহাঙ্গীর, আক্কাস ওরফে টিটু, আবদুল জব্বার, আবদুস সামাদ ও আবদুর রশিদ।
২০০৩ সালের ৯ নভেম্বর রাজশাহী মহানগরীর ঘোষপাড়া মোড়ে চরমপন্থী ক্যাডাররা জেলা বিএনপির সহ সভাপতি ও বাগমারার ঝিকরা ইউপির সাবেক চেয়ারম্যান মরু হামিদকে গুলি ও জবাই করে হত্যা করে। হত্যাকান্ডের পর ওইদিনই আবদুল ওয়াসেক ওরফে লাল বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালে ঝিকড়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও জেলা কৃষক সমিতির সহ সভাপতি আলী খাজা এম এ মজিদসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মামলাটি রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরের পর ৮৪ কার্য দিবসে ৩৫ জন স্বাক্ষী দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি কেতাব উদ্দিন। আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনসুর রহমান, অ্যাডভোকেট সাইফুল আলম শেলী, অ্যাডভোকেট একরামুল রসুল, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, অ্যাডভোকেট অমরেন্দ্র নাথ মুন্না সাহা প্রমুখ।
এদিকে বিএনপি নেতা মরু হামিদ হত্যা মামলার রায় ঘোষণার আগে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এরই মাঝে বেলা সাড়ে ১১ টায় বিচারক এ এফ এম আমিনুল ইসলাম রায় পড়ে শোনানোর পর পুলিশি প্রহরায় আসামীদের নিয়ে যাওয়া হয় জেলখানায়। এসময় সাজাপ্রাপ্ত আসামীরা ‘দুনিয়ার মজদুর এক হও’ বলে শ্লোগান দিতে থাকে। তাৎক্ষণিকভাবে আদালত চত্বরে ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ মিছিল করে।
রায় ঘোষণার পর রাজশাহী প্রেসক্লাবে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, সরকার রাজনৈতিক ভাবে মামলাটি নেয়ায় এই রায় নিরপেক্ষ হয়নি। ওয়ার্কার্স পার্টির নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে মরু হামিদ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তারা দাবি করেন। তারা আরও বলেন, যারা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এতে মনে হয়েছে আদালত কারো মাধ্যমে প্রভাবিত হয়ে রায় দিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, কেন্দ্রীয় নেতা মতিউর রহমান তপন।
কিশোরগঞ্জ থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, জেলার প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. শামছুল হুদা বুধবার প্রদত্ত হত্যা মামলার রায়ে দোষী প্রমাণিত হওয়ায় আসামী গোলাম কিবরিয়া হায়দার পাভেলকে ফাঁসির আদেশ দিয়েছেন।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সদরের গাইটাল শ্রীনগর এলাকার আ. রেজ্জাকের ছেলে শরিফুল ইসলাম শরিফ ১৯৯৭ সালের ১ মে সকালে পড়তে যাওয়ার পথে তুচ্ছ ঘটনা নিয়ে পাভেল তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে নিহত শরিফের পিতা আ. রেজ্জাক বাদী হয়ে পাভেল ও রাজনকে আসামী করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক তার রায়ে রাজনকে বেকসুর খালাস দেন। সাজাপ্রাপ্ত আসামী পাভেল বর্তমানে জেল হাজতে আছে।
মামলায় বাদী পক্ষে পি পি অ্যাডভোকেট খন্দকার শাহজাহান, অ্যাডভোকেট জিন্নাতুল ইসলাম এবং আসামী পক্ষে অ্যাডভোকেট লিয়াকত হোসাইন মানিক পরিচালনা করেন।
