রাজধানীতে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, স্ত্রী খুন
পূর্ব বাসাবো এলাকায় মঙ্গলবার সকালে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ও তার স্ত্রী খুন হয়েছেন।
সকাল পৌনে নয়টার দিকে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আফসার উদ্দিন (৬৫) ও তার স্ত্রী তমিজা বেগমকে (৫৫) ১০৭/ঘ নম্বর বাড়ির চতুর্থ তলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জাহাঙ্গীর শওকত জুয়েল (২৮)।
ঘাতক নিহত আফসার উদ্দিনের ভাগ্নে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, জুয়েল তার মামা আফসার উদ্দিনের কাছে মোবাইল ফোন সেট কেনার জন্য তিন হাজার টাকা চায়। কিন্তু তা না দেওয়ায় সে তার মামা ও মামীকে হাতুড়ি দিয়ে পেটায় ও এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
হতভাগ্যদের চিৎকার শুনে নিচতলার ভাড়াটে তাসলিমা বেগম ডাকাত সন্দেহে বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশে খবর দেন।
পুলিশ জুয়েলকে রক্তমাখা অস্ত্রহাতে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।
