কামরাঙ্গীরচরে অগ্নিকান্ডে ২০ জন আহত
রাজধানীর কামরাঙ্গীরচরে রোবববার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুরানো কামরাঙ্গীরচর নূরবাগ বালুর মাঠের আব্দুল খালেক মিয়ার বাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মূহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে ২৫/৩০ টি আধাপাকা ঘরবাড়ি ভস্মীভূত হয়।
খবর পেয়ে দমকল বাহিনীর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ফায়ার ব্রিগেডের সদস্য আব্দুল জলিল (২৩) ও এমদাদসহ (৩৫) কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর আব্দুস সামাদ (৩০), আছিয়া বেগম (২৮) ও লিপি বেগমকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
