কুতুবদিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
কুতুবদিয়া উপজেলায় রোববার রাতে সন্ত্রাসীরা যুবলীগ নেতা মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা করেছে।
এর প্রতিবাদে রাতেই কক্সবাজার শহরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা--কর্মীরা বিক্ষোভ করে।
সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে বড়ঘোপ বাজার থেকে বাড়ি ফেরার পথে বড়ঘোপ বেড়িবাঁধের নির্জন একটি স্থানে সন্ত্রাসীরা উপজেলা যুবলীগের সহ--সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ রুবেলের (২৮) উপর চড়াও হয়। সন্ত্রাসীরা তার মাথায় ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরাই যুবলীগ নেতা মোহাম্মদ রুবেলকে হত্যা করেছে।
তবে স্থানীয় অপর একটি সূত্র জানায়, পারিবারিক দ্বন্দের কারণে রুবেলকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে তার পরিবারের কারো সাথে তাৎক্ষনিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
