২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড.ইউনূসকে বিভিন্ন সংগঠনের অভিন্দন, আপডেট

প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 10:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এসব সংগঠনের মধ্যে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা এবং উন্নয়ন সংস্থা আশা।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আলতাফ হোসেন এবং উপ--উপাচার্য ড. মামনুনুল কেরামত এক বিবৃতিতে ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, এ পুরস্কার প্রাপ্তিতে ব্যাক্তিগতভাবে অধ্যাপক ইউনুস ও জাতীয়ভাবে সব বাংলাদেশী এক দূর্লভ সম্মানে ভূষীত হয়েছেন। তাঁর এ পুরস্কার প্রাপ্তি বাংলাদেশীদের বিশ্বের দরবারে এক বিরল সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে শনিবার এক অভিনন্দন বার্তায় বলা হয়, অধ্যাপক ড. ইউনূস নোবেল শান্তি পুরস্কার লাভ করায় পুরো জাতির সাথে টিআইবিও আনন্দিত ও গর্বিত। ড.ইউনূসের এই দুর্লভ সম্মান বাংলাদেশ ও বাঙ্গালী জাতির শ্রেষ্ঠতম অর্জনগুলোর অন্যতম।

টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই পুরস্কার দারিদ্রমুক্ত ও সুশাসিত বাংলাদেশ গঠনে বিশেষ করে, উন্নয়ন ও সমাজ পরিবর্তনে সব ধরণের সামাজিক উদ্যোগকে অনুপ্রানিত করবে।

বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোঃ ফজলুল হক সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ড. ইউনূসের নোবেল শান্তি পুরস্কার লাভ স্বাধীনতা পরবর্তী বাংাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা।

বিবৃতিতে আরো বলা হয়, দীর্ঘ সময় ধরে বহির্বিশ্বে বাংলাদেশের যে ইমেজ সংকট ছিলো ড. ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তিতে ক্রমান্বয়ে তা কমে আসবে, যা আমাদের রপ্তানি বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসরকারি সংস্থা আশার সভাপতি শফিকুল হক চৌধুরী এক বিবৃতিতে নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামের সহযাত্রী হিসেবে আমরা নিজেদেরও এ গৌরবের অংশীদার মনে করি।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সভাপতি ড. কাজী ফারুক আহম্মদ শনিবার গ্রামীণ ব্যাংক কার্যালয়ে গিয়ে ড. ইউনূসকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়া প্রশিকার এক বিবৃতিতে বলা হয়, তার এই পুরস্কার লাভ বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করবে।