ড.ইউনূসের নোবেল জয়ে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল
প্রথম বাংলাদেশী হিসেবে অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার আনন্দে উদ্বেলিত দেশবাসী শনিবারও দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে শনিবার সকালে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মিছিলটি শেষ হয়। শোভাযাত্রায় সরকারি ইয়াছিন কলেজ এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষকরাও অংশ নেন।
এরপর প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই বিরল সম্মান বাঙ্গালী জাতিকে বিশ্বের দরবারে সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
এছাড়া শহরের পশ্চিম খাবাসপুর থেকে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা--কর্মচারিদের একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ড.ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা খান আব্দুর রহমান ও গোলাম সারোয়ার।
এছাড়া প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকেও পৃথক একটি আনন্দ মিছিল বের করা হয়।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, গ্রামীণ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তা--কর্মচারীদের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় আঞ্চলিক কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়।
এছাড়া ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর ও ফুলপুর উপজেলায় শনিবার দুপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। শত শত মোটর সাইকেলের এই শোভাযাত্রায় ব্যাংকের কর্মী ও গ্রাহকরা অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাবি শাখা যুগান্তর স্বজন সমাবেশ শনিবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সকাল ১১ টায় একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্বজন সমাবেশের উপদেষ্টা অধ্যাপক রবিউল ইসলাম এবং দৈনিক যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা জোহায়ের ইবনে কলিম।
পঞ্চগড় প্রতিনিধি জানান, গ্রামীণ ব্যাংক পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় থেকে শনিবার দুপুরে একটি আনন্দ মিছিল বের করা হয়। গ্রামীণ ব্যাংক পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ব্যাবস্থাপক শাহ আলমের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীদের হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ডও ছিল।
এছাড়া রুটস নামের একটি ক্লাবও শহরে আনন্দ মিছিল বের করে।
দিনাজপুর প্রতিনিধি জানান, পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বেলা ১১ টার দিকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে একই জায়গায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর চেয়ারম্যান এজেডএম মিনহাজুল হক।
এছাড়া চিড়িরবন্দর উপজেলায়ও আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম মঈনুর।
