ঈদের ছুটিতে রাবির হলগুলো বন্ধের সুপারিশ
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ঈদের ছুটিতে বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের এক জরুরি সভায় এ সুপারিশ করা হয়।
জানা গেছে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে রাবি ক্যাম্পাস অস্থিতিশীল হতে পারে আশঙ্কায় বৃহস্পতিবার প্রভোস্ট কাউন্সিল জরুরি সভায় বসে। বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হল প্রাধ্যক্ষের কক্ষে প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন রাজনৈতিক পরিস্থিতিসহ ক্যাম্পাসের সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রভোষ্ট কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন অনুমোদন করবেন বলে কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক আব্দুল লতিফ জানান।
এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে উপাচার্য ড. আলতাফ হোসেনকে পাওয়া যায়নি।
