২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কার পেলেন প্রফেসর ইউনূস, আপডেট

সারাবিশ্বে ক্ষুদ্র ঋণদান খাতে অগ্রদূত হিসেবে পরিচিত প্রফেসর মুহাম্মদ ইউনূস ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দুই দশকেরও বেশি সময় আগে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককেও যৌথভাবে ওই পুরস্কার দেওয়া হয়। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আগামী ১০ ডিসেম্বর তিনি নরওয়ের রাজধানী অসলোয় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করবেন বলে নোবেল কমিটির এক মুখপাত্র টরিল ইয়োহানসেন নফহবংি২৪.পড়স কে টেলিফোনে জানান।

নোবেল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমাজের বড় এক জনগোষ্ঠী দারিদ্র থেকে মুক্তির উপায় খুঁজে না পেলে স্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়। এর একটি উপায় হলো ক্ষুদ্র ঋণ।’

ক্ষুদ্র ঋণ দানের মতো অভিনব অর্থনৈতিক কর্মসূচি ব্যবহার করে তৃণমূল পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের অবদানের কথা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তের লাখ ৬০ হাজার ডলার মূল্যের এই পুরস্কারের জন্য এ বছর প্রার্থী সংখ্যা ছিল ১৯১।

রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেনের পর ৬৬ বছর বয়স্ক ইউনূস হলেন তৃতীয় বাঙালি যিনি নোবেল পুরস্কার পেলেন।

বিকাল ৩টায় নরওয়ে টেলিভিশন থেকে টেলিফোনে ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর দেওয়া হয়। ওই সময় নরওয়ে টেলিভিশনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘আমি খুশি, খুবই খুশি। আপনারা দারিদ্র--মুক্ত বিশ্ব অর্জনের স্বপ্নকে স্বীকৃতি দিয়েছেন।’

কিছুক্ষণ পর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বাসার সামনে সাংবাদিকদের ভিড় জমে। বিকেল ৪টা ১১ মিনিটে বাসা থেকে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের ইউনূস বলেন, ‘এটি অত্যন্ত আনন্দের বিষয়। দেশ--জাতি সবার জন্যই আনন্দের বিষয়। সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ কাজের সাথে যারা জড়িত তারাও আনন্দ--উৎসব করছে।’

তিনি বলেন, ‘পৃথিবী আজ বাংলাদেশকে আবার স্বীকৃতি দিল। এটি আমাকে আরও বড় কাজে উদ্বুদ্ধ করবে। দারিদ্র নিরসনে আরও উৎসাহিত করবে। দরিদ্র মানুষ যেন শান্তিতে থাকে, সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকে, সেটিই আমার লক্ষ্য’।

এক প্রশ্নের জবাবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রফেসর  ইউনূস বলেন, সকলের উদ্দেশ্য যদি হয় দেশ ও জাতির মঙ্গল করা, তাহলে একসাথে কাজ করলে যে কোন কাজেই সফলতা পাওয়া সম্ভব।

প্রফেসর ইউনূস আরও বলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে-- গরীব লোক থাকবে না, দরিদ্র মানুষ থাকবে না। আমার প্রথম কাজ হবে, যে উদ্দেশ্যে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে, সে কাজ যেন আরও ভালভাবে করতে পারি।’

ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার খবরে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭টা ৫০ মিনিটে মোবাইল ফোনে মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে ওয়াশিংটন সফররত বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাও ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বলে তার ব্যক্তিগত এক সহকারী নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট থেকে টেলিফোনে তার প্রতিক্রিয়ায় বলেন, প্রফেসর ইউনূস কেবল সারাবিশ্বে নয়, বাংলাদেশের একজন গর্বিত ব্যক্তিত্ব। তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশের আঙ্গিনা ছাড়িয়ে আফ্রিকা ও আমেরিকাসহ বিশ্বের উন্নত ও অনুন্নত দেশে সাফল্যের স্বীকৃতি পেয়েছে। নোবেল শান্তি পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানের আসনে আসীন করেছেন।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, প্রফেসর ইউনূস প্রথম নোবেল বিজয়ী বাংলাদেশী হিসেবে আমাদের জাতীয় মর্যাদা ও পরিচিতিকে বিশ্ব সমাজে সুদৃঢ় করেছেন। তার এই প্রাপ্তি বিশ্ব দরবারে বাংলাদেশ ও দেশের মানুষের সাফল্যেরই স্বীকৃতি।

মান্নান ভূঁইয়া আরও বলেন, এই পুরস্কার দরিদ্র মানুষ ও নারী সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তার নিরলস কর্মপ্রয়াসেরই ফসল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত তার প্রতিক্রিয়ায় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের পর তিনি বাঙালী জাতিকে আবারও গর্বিত করেছেন। এ পুরস্কার শুধু ড. ইউনূস ও তার গ্রামীণ ব্যাংকের নয়, সমগ্র জাতির।

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, নফহবংি২৪.পড়স এর কাছ থেকেই তিনি প্রথম খবরটি পেলেন। তিনি বলেন, মুহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে তিনি গর্ববোধ করছেন।

ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তিতে তাদেরও কিছু অবদান আছে উল্লেখ করে তিনি জানান, গ্রামীণ ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান ছিল। অধ্যাদেশ জারি করে তিনি এটা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

অর্থনীতিবিদরা যেভাবে দেখছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ তার প্রতিক্রিয়ায় বলেছেন, অধ্যাপক ইউনূস ব্যাংকিং এর ক্ষেত্রে বিশ্বব্যাপী যে পদ্ধতি জনপ্রিয় করে তুলেছেন, তার মাধ্যমে মূলত তিনি আন্তর্জাতিক পূঁজি প্রসারের পথ ও পদ্ধতিই বাতলে দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ বলেছেন, অনেকদিন থেকেই হাওয়ায় খবর ছিলো ড. মুহম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন, তখন এ ব্যাপারে আমার উত্তর ছিল অর্থনীতিতে গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পুরস্কার পাওয়া সম্ভব নয়। তবে শান্তি পুরস্কার সম্ভব হতে পারে। অবশেষে ড. মুহম্মদ ইউনূস শান্তি পুরস্কার পেলেন।

নোবেল শান্তি পুরস্কার রাজনৈতিক প্রভাবিত পুরস্কার বলে তিনি উল্লেখ করেন।

তাঁর শিক্ষকরা খুশী

ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার খবরে তাঁর শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহামদ বলেন, ‘এটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা প্রত্যাশিত ছিলো, আমরা খুবই গর্বিত। তিনি দেশের জন্যসহ সবার জন্য অসামান্য গৌরব বয়ে এনেছেন’।

পরিবারে আনন্দ

নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরিবার পুরস্কার প্রাপ্তির পর নফহবংি২৪.পড়স এর কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন,  ‘সারা বিশ্ব, বাংলাদেশ ও বাঙালি জাতির সাথে আমরাও আনন্দিত, গর্বিত।’

তার ভাই অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আমরা সবাই খুব খুশি। প্রফেসর ইউনূসের পরিবারের সদস্য হিসেবে, এ দেশের একজন নাগরিক হিসেবে, বিশ্ববাসীরা সাথে আমরাও আনন্দিত।’

প্রফেসর ইউনূসের স্ত্রী প্রফেসর আফরোজা ইউনূস বলেন, ‘পুরো পরিবারের সাথে আমিও আনন্দিত।’

তিনি বলেন, ‘তার এই পুরস্কার বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য গৌরবের।’

প্রফেসর ইউনূসের ছোট মেয়ে দীনা ইউনূস বলেন, ‘বাবার এই পুরস্কার আমাকে ভাল কাজে আরও উৎসাহিত করবে।’