২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূসের নোবেল পুরস্কার লাভে অর্থনীতিবিদদের মিশ্র প্রতিক্রিয়া

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা বার্তাসংস্থা নফহবংি২৪.পড়স এর কাছে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ তার প্রতিক্রিয়ায় বলেছেন, অধ্যাপক ইউনূস ব্যাংকিং এর ক্ষেত্রে বিশ্বব্যাপী যে পদ্ধতি জনপ্রিয় করে তুলেছেন, তার মাধ্যমে মূলত তিনি আন্তর্জাতিক পূঁজি প্রসারের পথ ও পদ্ধতিই বাতলে দিয়েছেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা প্রত্যাশিত ছিলো, আমরা খুবই গর্বিত। তিনি দেশের জন্য এবং সকলের জন্যই অসামান্য গৌরব বয়ে এনেছেন’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ বলেছেন, অনেকদিন থেকেই হাওয়ায় খবর ছিলো ড. মুহম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন, তখন এ ব্যাপারে আমার উত্তর ছিল অর্থনীতিতে গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পুরস্কার পাওয়া সম্ভব নয়। তবে শান্তি পুরস্কার সম্ভব হতে পারে।

তিনি বলেন, অবশেষে ড. মুহম্মদ ইউনূস শান্তি পুরস্কার পেলেন। নোবেল শান্তি পুরস্কার রাজনৈতিক প্রভাবিত পুরস্কার। ১৯৭৮ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী ম্যানাচেম বেগিনের মতো যুদ্ধংদেহী মানুষকেও শান্তি পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ওই পুরস্কার বিতর্কিত হয়ে পড়ে। তারপর থেকেই নোবেল শান্তি পুরস্কারকে রাজনৈতিক প্রভাবান্বিত পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, ‘ড. ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের জন্য শান্তি পুরস্কার পেলেন তখন আমি আগ্রহী ছিলাম নোবেল শান্তি কমিটি গ্রামীণ ব্যাংকের সঙ্গে শান্তির সম্পর্ক কিভাবে তুলে ধরে।

এমনিতেই গ্রামীণ ব্যাংকের সঙ্গে শান্তির সম্পর্ক অনেক দূরবর্তী। গ্রামীণ ব্যাংকের ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। এর নেতিবাচক দিকগুলো ড. মুহাম্মদ ইউনূস নিজেই স্বীকার করেছেন। এক্ষেত্রে শান্তি কমিটি কিভাবে তা তুলে ধরে তাই দেখার বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, হাতে--কলমে দারিদ্র বিমোচনে যে কাজ করা যায়, অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ কর্মসূচি দিয়ে সেটাই প্রমাণ করেছেন।

অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও অর্থনীতিতে নোবেল পুরস্কার না পেয়ে তিনি কেন শান্তিতে নোবেল পুরস্কার পেলেন এ প্রশ্নের জবাবে ড. ওয়াহিদ বলেন, পৃথিবীতে সব অশান্তির মূল কারণ দারিদ্র। দারিদ্র দূর করা সম্ভব হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ কারণেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।