২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কার পেলেন অধ্যাপক ইউনূস

সারাবিশ্বে ক্ষুদ্র ঋণদান খাতে অগ্রদূত হিসেবে পরিচিত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দুই দশকেরও বেশি সময় আগে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককেও যৌথভাবে ওই পুরস্কার দেওয়া হয়। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 05:54 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমাজের বড় এক জনগোষ্ঠী দারিদ্র থেকে মুক্তির উপায় খুঁজে না পেলে স্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়। এর একটি উপায় হলো ক্ষুদ্র ঋণ।’

ক্ষুদ্র ঋণ দানের মতো অভিনব অর্থনৈতিক কর্মসূচি ব্যবহার করে তৃণমূণ পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের অবদানের কথা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তের লাখ ৬০ হাজার ডলার মূল্যের এই পুরস্কারের জন্য এ বছর প্রার্থী সংখ্যা ছিল ১৯১।

পুরস্কার পাওয়ার পর নরওয়ের টেলিভিশনে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘আমি খুশি, খুবই খুশি। আপনারা দারিদ্র--মুক্ত বিশ্ব অর্জনের স্বপ্নকে স্বীকৃতি দিয়েছেন।’

রাজধানীর মিরপুরে নিজের বাসা থেকে টেলিফোনে এক সাংবাদিককে জানানো প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের... শুধু আমার জন্য নয়... বিশ্বের যে কোন স্থানে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন এমন সবার জন্য এ খবর অত্যন্ত আনন্দের।’

রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেনের পর ৬৬ বছর বয়স্ক ইউনূস হলেন তৃতীয় বাঙালি যিনি নোবেল পুরস্কার পেলেন।

ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার খবরে তার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহামদ বলেন, ‘এটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’